শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

গাজায় চিকিৎসাকেন্দ্রে ইসরাইলি হামলায়, নিহত এমএসএফের দুই কর্মী

গাজা সিটির একটি চিকিৎসাকেন্দ্রে ইসরাইলি হামলায় আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা মেডিসিনস সঁ ফ্রঁতিয়েরের (এমএসএফ) দুই কর্মী নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় সংস্থাটির ১৭ জন কর্মী প্রাণ হারালেন।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা মেডিসিনস সঁ ফ্রঁতিয়েরের (এমএসএফ) দুই কর্মী নিহত হয়েছেন। গাজা সিটির একটি চিকিৎসাকেন্দ্রে সরাসরি হামলা চালানো হলে তারা নিহত হন বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে এমএসএফ জানায়, হামলার আগে চিকিৎসাকেন্দ্রটির অবস্থান ইসরাইলি সামরিক বাহিনীকে জানানো হয়েছিল। কেন্দ্রটিতে সংস্থাটির লোগোও স্পষ্টভাবে চিহ্নিত ছিল।

হামলা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য

তবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, নিহত দুই ব্যক্তি হামাসের সামরিক শাখার সদস্য ছিলেন এবং এমএসএফ পরিচালিত ওই চিকিৎসাকেন্দ্রে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। তাদের ভাষ্য, হামলাটি কোনো হাসপাতালকে লক্ষ্য করে চালানো হয়নি এবং এতে চিকিৎসা অবকাঠামোর ক্ষতি হয়নি।

আইডিএফ আরও দাবি করেছে, ওই দুই ব্যক্তি ইসরাইলি বেসামরিক নাগরিক ও সেনাদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন। হামলার আগে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি কমাতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল বলেও জানিয়েছে তারা।

অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস গাজায় স্বাস্থ্যকেন্দ্র ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যারা অন্যের জীবন বাঁচাতে নিজেদের জীবন ঝুঁকিতে ফেলেন, তাদের সুরক্ষা দেওয়া উচিত, হামলা নয়।

প্রবেশপথে বসে ছিলেন দুই কর্মী

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় ওই দুই কর্মী চিকিৎসাকেন্দ্রের প্রবেশপথে বসে ছিলেন। এ সময় একটি ইসরাইলি ড্রোন নিচে নেমে এসে ক্ষেপণাস্ত্র ছোড়ে। ঘটনাস্থলের ভিডিওতে একটি প্লাস্টিকের চেয়ারের পাশে বিস্ফোরণের চিহ্ন, রক্তের দাগ ও সীমিত ক্ষয়ক্ষতি দেখা গেছে।

নিহত দুই কর্মীর জানাজায় গাজা সিটির শত শত মানুষ অংশ নেন। সাদা কাপড়ে মোড়ানো মরদেহ কাঁধে নিয়ে শহরের সড়কগুলোতে শোকমিছিল করেন তারা।

নিহতদের একজন আহমেদ সুফিয়ান মুহাম্মদ আলি আবু হাসিরার ঘনিষ্ঠ বন্ধু মোহাম্মদ ইমাদ বিবিসিকে বলেন, হামলার কয়েক ঘণ্টা আগেও তিনি আবু হাসিরার সঙ্গে দেখা করেছিলেন। তিনি ছিলেন শান্ত ও ভালো মনের মানুষ। স্ত্রী, দুই সন্তান ও মায়ের দেখাশোনাই ছিল তার প্রধান চিন্তা। কোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তার সংশ্লিষ্টতা ছিল না বলেও দাবি করেন ইমাদ।

এক দিনে গাজায় নিহত ৮

গাজায় গত এক সপ্তাহে ইসরাইলি হামলার মাত্রা বেড়েছে। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র জানিয়েছেন, শনিবার পুরো উপত্যকায় ইসরাইলি হামলায় আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে এমএসএফের দুই কর্মীও রয়েছেন।

গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় সহিংসতা অব্যাহত রয়েছে। হামাসের নিয়ন্ত্রণাধীন এলাকায় প্রায় প্রতিদিনই ইসরাইলি হামলা হচ্ছে। এসব এলাকায় প্রায় ২১ লাখ মানুষের বসবাস, যাদের অধিকাংশই বাস্তুচ্যুত।

গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, গত ১৩ মাসে ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৭০৫ জন নিহত হয়েছেন। জাতিসংঘ এসব পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে বিবেচনা করে।

অবনতির মুখে মানবিক পরিস্থিতি

গাজায় মানবিক পরিস্থিতিরও অবনতি হচ্ছে। চলতি মাসের শুরুর দিকে ভারী বৃষ্টিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের হাজার হাজার আশ্রয়কেন্দ্র প্লাবিত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। শীত মোকাবিলায় তাঁবু, হিটার, পানির পাম্প, টিকা ও ওষুধসহ জরুরি সহায়তা প্রবেশের সুযোগ বাড়াতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও সহযোগী সংস্থাগুলো।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামলার মধ্য দিয়ে গাজা যুদ্ধ শুরু হয়। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এরপর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৭৪ হাজার ৭৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন