আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী অন্তু বিশ্বাসের ওপর হামলার বিচার, বহিষ্কারাদেশ প্রত্যাহার, ছাত্রত্ব পুনর্বহাল এবং তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে নাগরিক সমাবেশ হয়েছে। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সমাবেশের বক্তারা।
বরিশালের আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী অন্তু বিশ্বাসের ওপর হামলার বিচার, ছাত্রত্ব পুনর্বহাল এবং তার বিরুদ্ধে করা সাইবার নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের দাবিতে নগরীতে নাগরিক সমাবেশ হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম খোকনের সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগরের আহ্বায়ক সুজন আহমেদের সঞ্চালনায় সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য দেন।
অন্তু বিশ্বাসের ওপর হামলার অভিযোগ
সমাবেশে বক্তারা বলেন, আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটে ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে প্রায় ২০০ শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ২৭ লাখ টাকা আদায়ের প্রতিবাদে আন্দোলনে নেতৃত্ব দেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু বিশ্বাস।
তাদের অভিযোগ, এর জেরে ২ নভেম্বর কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই অন্তু বিশ্বাসকে স্থায়ীভাবে বহিষ্কার করে কলেজ কর্তৃপক্ষ। পরে ১৯ নভেম্বর তাকে মারধর করে দোতলা থেকে নিচে ফেলে দেওয়া হয়।
বক্তারা আরও অভিযোগ করেন, অন্তু ও তার বন্ধুদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করার পাশাপাশি তার পরিবহন শ্রমিক বাবাকেও আসামি করে আরেকটি মামলা করেছে কলেজ কর্তৃপক্ষ।
নিরাপত্তা ও মামলা প্রত্যাহারের দাবি
সমাবেশে বক্তারা বলেন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল জেলার সংগঠক অন্তু বিশ্বাসকে ছাত্রলীগ পরিচয় দিয়ে তাকে ‘হত্যাযোগ্য’ করার চেষ্টা করছে কলেজ কর্তৃপক্ষ। অবিলম্বে তার নিরাপত্তা নিশ্চিত, ছাত্রত্ব পুনর্বহাল, হামলাকারীদের শাস্তি এবং মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। এসব দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন।
ভিন্নমত দমনে সাইবার নিরাপত্তা আইনের অপব্যবহার করা হচ্ছে অভিযোগ করে সমাবেশে নেতৃবৃন্দ এ ধরনের নিবর্তনমূলক আইন বাতিলের দাবি জানান।
সমাবেশে ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) বরিশাল জেলা সভাপতি এ কে আজাদ, বাসদ জেলা কমিটির সদস্য শহিদুল ইসলাম, গণফোরামের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য হিরণ কুমার দাশ মিঠু, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি সুজয় সরকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর সদস্য রাকিবুল হাসান, বিপ্লবী ছাত্র মৈত্রীর জেলা সংগঠক অনিন্দ্য মণ্ডল, ভাসানী পরিষদ বরিশালের আহ্বায়ক খালিদ বিনয়ী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট মহানগরের আহ্বায়ক আলবার্ট রিপন বল্লভ, গণতান্ত্রিক অধিকার কমিটি জেলা সদস্য রেজাউল ইসলাম খোকন, লেখক কাজল দাস, শিক্ষক বিপ্লব দাস, শিক্ষক নেতা মহসিনুল ইসলাম হাবুল, খালিদ বিন ওয়ালীদ ও সাবেক ছাত্রনেতা কিশোর কুমার বালা বক্তব্য দেন।

