শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

সিলেট-৩ আসনের এমপির বাড়িতে পেট্রলবোমা হামলা

ভোরে টিনের চালে বোমা ছুড়ে পালায় দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি ও তাঁর স্ত্রী

সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম. এ. মালেকের বাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) ভোর ৩টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত তাঁর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষ তথ্য অনুযায়ী, দুর্বৃত্তরা বাড়ির টিনের চালে পেট্রলবোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে বাড়ির কিছু অংশে আগুন ধরে যায়। তবে নিরাপত্তাকর্মীদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

ঘটনার সময় সংসদ সদস্য এম. এ. মালেক ও তাঁর স্ত্রী বাড়িতে অবস্থান করছিলেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

সিলেট মহানগর পুলিশের ডিসি (সিটিএসবি) ও গণমাধ্যম কর্মকর্তা মো. আফজাল হোসেন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে এ ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

সংসদ সদস্যের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। তবে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের তদন্ত ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন