পেট্রাপোল ও আখাউড়া সীমান্ত পরিদর্শন, ত্রিপুরায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠকের খবর বিবিসির
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তের কয়েকটি এলাকায় দেখা গেছে। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার দুটি আন্তর্জাতিক স্থলসীমান্তে তাঁদের উপস্থিতির খবর জানিয়েছে বিবিসি বাংলা।
রোববার (২২ নভেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার পেট্রাপোল এলাকায় এবং বুধবার (২৫ নভেম্বর) আগরতলার কাছে আখাউড়া সীমান্তে যান তাঁরা। শনিবার (২৮ নভেম্বর) এসব সফরের সম্ভাব্য কারণ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বিবিসি বাংলা।
হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে পরিকল্পনা
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, তা সামনে রেখে একাধিক পরিকল্পনা তৈরি করে রেখেছে দলীয় নেতৃত্ব। এর অংশ হিসেবেই পলাতক নেতারা সীমান্ত-সংলগ্ন এলাকায় সফর করছেন বলে ধারণা করা হচ্ছে। তবে কোন পরিকল্পনাটি চূড়ান্ত হবে, সে সিদ্ধান্ত নেবেন তাঁদের নেত্রী।
এ ছাড়া ত্রিপুরায় অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গেও তাঁদের আলোচনা হয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।
ত্রিপুরার সীমান্ত পরিদর্শনে যাওয়া নেতাদের মধ্যে অন্তত দুজন এরই মধ্যে আগরতলা ছেড়েছেন। বাকিদের শুক্রবার ত্রিপুরা থেকে ফেরার কথা ছিল।
সীমান্তে ছিলেন নানক, নাসিম ও মায়াসহ কয়েকজন
প্রতিবেদনে বলা হয়, আখাউড়া সীমান্ত এলাকায় যাওয়া আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে জাহাঙ্গীর কবীর নানক, আলাউদ্দিন নাসিম ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ সাত-আটজন ছিলেন। তাঁদের কয়েকজন গত রোববার পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকাতেও গিয়েছিলেন।
তবে দুই সীমান্তেই তাঁরা ভারতীয় নিরাপত্তাবেষ্টনীর ভেতরে প্রবেশ করেননি; বাইরে থেকেই এলাকা পর্যবেক্ষণ করেছেন।
স্থানীয় ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আওয়ামী লীগের ওই নেতাদের বৈঠক হয়েছিল কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে কয়েকটি সূত্রের বরাতে বিবিসি বাংলা জানিয়েছে, ভারতীয় কর্মকর্তারা তাঁদের চলাচলের ওপর দূর থেকে নজর রাখছিলেন।
ভারত থেকে দেশে ফিরছেন দলীয় নেতাকর্মীরা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার বরাতে বিবিসি বাংলা জানিয়েছে, হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার আগ থেকেই বিভিন্ন পর্যায়ের কিছু নেতাকর্মী বাংলাদেশে ফিরতে শুরু করেছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তাঁরা ভারতসহ বিভিন্ন দেশে চলে গিয়েছিলেন।
দলটির কয়েকজন নেতাকর্মী দেশে ফিরে গ্রেপ্তারসহ যেকোনো পরিস্থিতির মুখোমুখি হওয়ার মানসিক প্রস্তুতি নিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইতোমধ্যে দল ও সহযোগী সংগঠনগুলোর কয়েকশ নেতাকর্মী ভারত থেকে বাংলাদেশে ফিরেছেন বলে জানা গেছে।
তবে দেশে ফিরে যাওয়া নেতাকর্মীদের তথ্য প্রকাশ করতে চান না আওয়ামী লীগের নেতারা। তাঁদের আশঙ্কা, এসব তথ্য প্রকাশ পেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারত ছাড়া অন্য দেশগুলোতে অবস্থান করা আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীও বাংলাদেশে ফিরেছেন। তবে তাঁদের সংখ্যা তুলনামূলকভাবে কম। গত দেড় মাসে দল ও ছাত্রলীগ-যুবলীগের বিভিন্ন পর্যায়ের প্রায় ৩০০ তরুণ ও যুবক দেশে ফিরেছেন বলে জানা গেছে।
হাসিনার প্রত্যর্পণ ও পাসপোর্ট নিয়ে অনিশ্চয়তা
এদিকে বাংলাদেশের আদালতে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধে এখনো সাড়া দেয়নি ভারত। সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল আবারও বলেছেন, তাঁরা বিষয়টি পর্যালোচনা করছেন।
তবে ভারতের বিশ্লেষকেরা বারবারই বলেছেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত হাসিনাকে ফেরত পাঠাবে—এমন সম্ভাবনা নেই।
অন্যদিকে, একটি ল’ ফার্মের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে পাসপোর্টের জন্য হাসিনার করা আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার সম্ভাবনাও নাকচ করে দিয়েছে দেশটির সরকার। ফলে আইনি পথে তাঁর দেশে ফেরার বিষয়টি এখনো অনিশ্চিত।

