শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

অংশ নেবেন ৬৪ জেলার ২ হাজার ৩১৮ কলেজের অধ্যক্ষ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর মিরপুরে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’। শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সম্মিলন শুরু হবে। এতে দেশের ৬৪ জেলার ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষরা অংশ নেবেন।

প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

সম্মিলনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আমানুল্লাহ জানান, সম্মিলন সফল করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা এবং অধ্যক্ষদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা ও উচ্চশিক্ষার গুণগত পরিবর্তন আরও ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও মনে করেন, এ আয়োজন বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপাচার্য বলেন, দেশের ৬৪ জেলা থেকে আসা ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ ও অতিথিদের সক্রিয় অংশগ্রহণে সম্মিলনটি প্রাণবন্ত, ফলপ্রসূ ও তাৎপর্যপূর্ণ আয়োজনে পরিণত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন