রাত ১টার দিকে আগুনে পুড়েছে বাসের পেছনের অংশ ও কয়েকটি আসন
পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসটির পেছনের অংশ ও কয়েকটি আসন পুড়ে গেছে।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলা পরিষদ-সংলগ্ন মঠবাড়িয়া-পিরোজপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। বাসটির নাম আরাফাত পরিবহন। এর নম্বর খুলনা-ব-১১৫।
হেলপারদের নজরে আসে আগুন
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাসটি বাসস্ট্যান্ডে পার্কিং করা ছিল। এ সময় অন্য বাসের হেলপাররা বাসটির পেছনের দিকের আসনে আগুন দেখতে পান।
তাঁরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহেল আহমেদ বলেন, রাত ১টায় আগুন লাগার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনাস্থল পরিদর্শন ইউএনও ও পুলিশের
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি ও থানা-পুলিশের সদস্যরা। এ সময় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
ইউএনও আতাউর রাব্বি বলেন, কে বা কারা আগুন লাগিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন।

