নমুনা সংগ্রহ, ৬৭৫ বর্গকিলোমিটার এলাকায় ভূতাত্ত্বিক জরিপের পরিকল্পনা; ডিসেম্বরে শুরু হতে পারে থ্রি-ডি সিসমিক জরিপ
কক্সবাজারের ইনানীতে নলকূপ খনন করতে গিয়ে প্রায় এক হাজার ফুট গভীরে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে। টানা ৩১ দিন জ্বলার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এবার গ্যাসের উৎস ও সম্ভাব্য মজুত অনুসন্ধানে কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। ইতোমধ্যে ভূগর্ভ থেকে নির্গত গ্যাসের নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি ৬৭৫ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ভূতাত্ত্বিক জরিপ চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
গত ২৭ অক্টোবর ইনানীতে নলকূপ খননের সময় হঠাৎ গ্যাসের উদ্গিরণ শুরু হয়। এরপর টানা ৩১ দিন আগুন জ্বলতে থাকে। শুক্রবার (২৭ নভেম্বর) বাপেক্সের ড্রিলিং দল আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দীর্ঘদিনের আতঙ্ক কাটিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, বোকাবিল ফরমেশনের মধ্যবর্তী থেকে ওপরের কোনো স্তর থেকে গ্যাস বের হচ্ছে। তবে সেখানে কী পরিমাণ গ্যাস রয়েছে, তা এখনো নিশ্চিত নয়। নমুনা পরীক্ষার ফল, ভূতাত্ত্বিক জরিপ এবং দ্বিমাত্রিক (টু-ডি) ও ত্রিমাত্রিক (থ্রি-ডি) সিসমিক জরিপের তথ্য বিশ্লেষণের পরই এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।
সংগ্রহ করা হয়েছে গ্যাসের নমুনা
আগুন নিয়ন্ত্রণে আসার পরপরই গ্যাসের নমুনা সংগ্রহের উদ্যোগ নেয় বাপেক্স। ওয়াটার রিপ্লেসমেন্ট পদ্ধতিতে দুটি বোতলে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষাগারে এসব নমুনা বিশ্লেষণ করে গ্যাসের রাসায়নিক গঠন, বিভিন্ন উপাদানের উপস্থিতি ও পরিমাণ এবং উচ্চতর হাইড্রোকার্বনের উপস্থিতি সম্পর্কে জানা যাবে।
বাপেক্সের ভূতাত্ত্বিক জরিপ দলের দলনেতা এস এম নাফিকুন আরহাম বলেন, গত ২৭ অক্টোবর গ্যাসের উদ্গিরণ শুরু হয়েছিল। প্রায় এক মাস পর শুক্রবার নিরাপদে নমুনা সংগ্রহ করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, এর আগে কয়েকবার চেষ্টা করেও নমুনা সংগ্রহ করা যায়নি। আগুনের তীব্র তাপ ও তাপীয় বিকিরণের কারণে গ্যাস নির্গমনের স্থানের কাছাকাছি যাওয়া ঝুঁকিপূর্ণ ছিল। পরে আগুন নিয়ন্ত্রণে আনার পর ডাইভার্টারের মাধ্যমে গ্যাসের প্রবাহ অন্যদিকে সরিয়ে দেওয়া হয়। এতে নিরাপদে নমুনা সংগ্রহের সুযোগ তৈরি হয়।
নাফিকুন আরহাম আরও বলেন, ওয়াটার রিপ্লেসমেন্ট পদ্ধতিতে নমুনা সংগ্রহের সময় বাইরের বাতাস যাতে বোতলে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করা হয়েছে। ফলে ভূগর্ভস্থ স্তর থেকে উঠে আসা গ্যাসের প্রকৃত নমুনা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সংগৃহীত নমুনা বাপেক্সের পরীক্ষাগারে বিশ্লেষণ করা হবে। নমুনা ঢাকায় পাঠানোর পর সাধারণত পাঁচ থেকে ছয় ঘণ্টার মধ্যে পরীক্ষার প্রতিবেদন পাওয়া সম্ভব বলে জানান তিনি।
৬৭৫ বর্গকিলোমিটার এলাকায় জরিপের পরিকল্পনা
গ্যাসের নমুনা পরীক্ষার পাশাপাশি সম্ভাব্য মজুত নির্ধারণে ভূতাত্ত্বিক অনুসন্ধান শুরু করেছে বাপেক্স। আগামী ছয় মাসে প্রায় ৬৭৫ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ১২০ লাইন কিলোমিটার ভূতাত্ত্বিক জরিপ চালানোর পরিকল্পনা রয়েছে। এ জন্য চার সদস্যের একটি দল ইতোমধ্যে ইনানীতে কাজ শুরু করেছে।
জরিপ দলের প্রধান এস এম নাফিকুন আরহাম বলেন, প্রাথমিক পর্যায়ে ঘটনাস্থল পরিদর্শন ও রিকনাইস্যান্স জরিপ করা হচ্ছে। এরপর বিস্তারিত ভূতাত্ত্বিক জরিপ পরিচালনা করা হবে।
তিনি বলেন, জরিপে ভূগর্ভের বিভিন্ন স্তর ও কাঠামো, শিলাস্তরের অবস্থান, ফল্ট, ফ্র্যাকচার, জয়েন্ট ও লিনিয়ামেন্ট বিশ্লেষণ করা হবে। এর মাধ্যমে ভূগর্ভস্থ কাঠামোর প্রকৃতি, সম্ভাব্য ঝুঁকি এবং গ্যাসের উপস্থিতির সম্ভাবনা সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
প্রাথমিক পর্যবেক্ষণে বোকাবিল ফরমেশনের মধ্যবর্তী থেকে ওপরের স্তরকে গ্যাসের সম্ভাব্য উৎস হিসেবে বিবেচনা করা হচ্ছে। নলকূপ খননের সময় ওই ফরমেশনের ওপরের অংশে প্রবেশের পরই গ্যাসের উদ্গিরণ শুরু হয়েছিল। তবে জরিপের ফল বিশ্লেষণ না করে নিশ্চিতভাবে কোনো স্তরকে গ্যাসের উৎস বলা যাচ্ছে না।
ডিসেম্বরে শুরু হতে পারে টু-ডি ও থ্রি-ডি জরিপ
ভূতাত্ত্বিক জরিপের পাশাপাশি গ্যাসের প্রকৃত অবস্থান ও বিস্তৃতি নির্ধারণে টু-ডি ও থ্রি-ডি সিসমিক জরিপের পরিকল্পনা রয়েছে বাপেক্সের। আগামী ডিসেম্বরের মধ্যে প্রাথমিক পর্যায়ে দুই থেকে তিন কিলোমিটার এলাকাজুড়ে থ্রি-ডি জরিপ শুরু করার পরিকল্পনা করা হয়েছে।
বাপেক্সের অয়েল সার্ভিসেস বিভাগের বিভাগীয় প্রধান শ্যামল কুমার বালো বলেন, গ্যাসের সম্ভাব্যতা যাচাইয়ে কয়েকটি ধাপে কাজ করা হবে। প্রথমে ভূতাত্ত্বিক দলের প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এরপর টু-ডি ও থ্রি-ডি সিসমিক জরিপের ফলাফল বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।
তিনি বলেন, এসব জরিপের তথ্য-উপাত্ত বিশ্লেষণের পরই অনুসন্ধানী কূপ খননের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পুরো প্রক্রিয়া শেষ করে খননকাজের প্রস্তুতি নিতে কিছুটা সময় লাগবে।
বাপেক্সের প্রকল্প কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে প্রাথমিক থ্রি-ডি জরিপ শুরুর পরিকল্পনা রয়েছে। প্রথম পর্যায়ে দুই থেকে তিন কিলোমিটার এলাকায় জরিপ চালানো হবে। সেখানে সম্ভাবনাময় ফল পাওয়া গেলে পরবর্তী সময়ে আরও বিস্তৃত এলাকায় জরিপ করা হবে।
সম্ভাবনাময় এসএস-০৯ ব্লক
বাপেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ইনানীসহ আশপাশের এলাকা এসএস-০৯ ব্লকের আওতাধীন। ভৌগোলিক ও ভূতাত্ত্বিক অবস্থান বিবেচনায় এ অঞ্চলকে সম্ভাবনাময় হিসেবে দেখা হচ্ছে।
বাপেক্সের ভূতাত্ত্বিক জরিপ দলের দলনেতা এস এম নাফিকুন আরহাম বলেন, শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকে মিয়ানমারের সংশ্লিষ্ট গ্যাসক্ষেত্র পর্যন্ত বিস্তৃত ভূতাত্ত্বিক অবস্থান বিবেচনায় এ অঞ্চলে পেট্রোলিয়াম অনুসন্ধানের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা যাচাই করতে ভূতাত্ত্বিক ও ভূ-পদার্থিক—দুই ধরনের অনুসন্ধান প্রয়োজন।
এদিকে বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক ও প্রতিনিধি দলের পরামর্শক হাওলাদার অহিদুল ইসলাম বলেন, এখানে গ্যাসের উপস্থিতি রয়েছে। এটি রিজার্ভার গ্যাস; এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
তিনি জানান, প্রথম পর্যায়ের কাজ শেষে পুরোনো স্থাপনায় প্রবেশের ব্যবস্থা করতে হবে। এ জন্য ওপরের অংশে একটি প্রবেশপথ রাখা হচ্ছে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করে সেখানে সিমেন্ট প্লাগ স্থাপন করা হবে।
গ্যাসের উপস্থিতি মিললেও মজুত এখনো অনিশ্চিত
ইনানীতে গ্যাসের উদ্গিরণকে সম্ভাবনাময় হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে ভূগর্ভে গ্যাসের উপস্থিতি পাওয়া আর বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসক্ষেত্র আবিষ্কার এক বিষয় নয়। এ জন্য গ্যাসের উৎস, বিস্তৃতি, মজুতের পরিমাণ, চাপ এবং উত্তোলনযোগ্যতা সম্পর্কে নিশ্চিত হতে হবে।
বাপেক্সের পরিকল্পনা অনুযায়ী, ভূতাত্ত্বিক জরিপ, গ্যাসের নমুনা বিশ্লেষণ এবং টু-ডি ও থ্রি-ডি সিসমিক জরিপের ফলাফল পর্যালোচনা করে পরবর্তী সময়ে অনুসন্ধানী কূপ খননের সিদ্ধান্ত নেওয়া হবে।
সবকিছু অনুকূলে থাকলে ইনানীতে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে সে জন্য অপেক্ষা করতে হবে পরীক্ষাগারের প্রতিবেদন ও অনুসন্ধানের ফলাফলের।

