আগে থেকেই তীব্র অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছিলেন ২২ বছর বয়সী ইব্রাহিম
সেন্টমার্টিন দ্বীপে চিংড়ি মাছ খাওয়ার পর অসুস্থ হয়ে মোহাম্মদ ইব্রাহিম (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শনিবার (২৮ নভেম্বর) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী।
নিহত ইব্রাহিম নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাঝিপাড়া এলাকার বাসিন্দা।
চিংড়ি খাওয়ার পর শ্বাসকষ্ট শুরু
জানা যায়, শুক্রবার দুপুরে সেন্টমার্টিন বাজারের একটি রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় চিংড়ি মাছ খান ইব্রাহিম। এর কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শ্বাসকষ্ট শুরু হয়।
পরে তাকে দ্বীপের স্থানীয় হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে স্পিডবোটে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আগে থেকেই ছিল অ্যালার্জির সমস্যা
জানা গেছে, ইব্রাহিমের আগে থেকেই অ্যালার্জিজনিত সমস্যা ছিল। চিংড়ি মাছ খাওয়ার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন।
সেন্টমার্টিন হাসপাতালের চিকিৎসক জাহিদুর রহমান বলেন, ইব্রাহিমকে হাসপাতালে নেওয়ার পর প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার সঙ্গে থাকা ব্যক্তিরা চিকিৎসকদের জানিয়েছেন, আগে থেকেই অ্যানাফাইল্যাক্টিক শক বা তীব্র অ্যালার্জিজনিত শকের সমস্যা ছিল তার। অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাকে টেকনাফে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।
ঘটনার খোঁজ নেওয়া হচ্ছে
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, ভ্রমণে এসে একজন পর্যটকের এভাবে মৃত্যু হওয়া অত্যন্ত দুঃখজনক। ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।

