ভোর ৪টার দিকে দুর্বৃত্তদের আগুন দেওয়ার অভিযোগ, কাউকে আটক করতে পারেনি পুলিশ
নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে স্মৃতিস্তম্ভটির একাংশ পুড়ে কালো হয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সকালে আগুন দেওয়ার বিষয়টি জানতে পারেন স্থানীয়রা
স্থানীয়দের ভাষ্য, সকালে ঘুম থেকে উঠে এবং দোকান খুলতে এসে তাঁরা স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার বিষয়টি দেখতে পান।
স্থানীয় ডিম ব্যবসায়ী আব্দুর রশিদ বলেন, সকালে ঘুম থেকে উঠে এদিকে এসে দেখেন, কে বা কারা জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে। যারা এ কাজ করেছে, তারা ঠিক করেনি। এটি অবশ্যই অন্যায়।
স্থানীয় চা দোকানি খোকন বলেন, প্রতিদিনের মতো সকাল ৬টার দিকে দোকান খুলতে এসে তিনি দেখেন, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে। এতে স্মৃতিস্তম্ভটির একাংশ পুড়ে কালো হয়ে গেছে। তবে কারা এ কাজ করেছে, তা তিনি দেখেননি।
জড়িতদের শনাক্তে তদন্ত চলছে
এ বিষয়ে নাটোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আব্দুস সামাদ শিশির বলেন, তিনি এ বিষয়ে অবগত ছিলেন না। এইমাত্র বিষয়টি জানতে পেরেছেন। কী ঘটনা ঘটেছে এবং কারা জড়িত, তা বিস্তারিত জেনে পরে জানাতে পারবেন।
নাটোর সদর থানার ওসি মো. মনসুর রহমান বলেন, রাতে পুলিশের টহল চলছিল। আগুন দেওয়ার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় যারা জড়িত, তদন্তের মাধ্যমে তাঁদের আইনের আওতায় আনা হবে।
নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আক্তার হামিদ খান বলেন, সরকারি নম্বরে তাঁরা আগুন দেওয়ার খবর পান। ঘটনাস্থলে যাওয়ার আগে টহলরত পুলিশের মাধ্যমে জানতে পারেন, আগুন নিভে গেছে। এ কারণে পরে আর সেখানে যাওয়া হয়নি।

