শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ে ছয় শতাধিক চা চাষির অংশগ্রহণে সম্মেলন ও মিলন মেলা অনুষ্ঠিত

‘চা শিল্পের ভবিষ্যৎ গড়ে তুলব একসঙ্গে’ প্রতিপাদ্যে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে জেলার ছয় শতাধিক চা চাষি অংশ নেন। চায়ের গুণগত মান ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতি এবং আধুনিক যন্ত্র ব্যবহারের ওপর গুরুত্ব দেন বক্তারা।

পঞ্চগড়ে ‘চা শিল্পের ভবিষ্যৎ গড়ে তুলব একসঙ্গে’ প্রতিপাদ্য সামনে রেখে চা চাষি সম্মেলন ও মিলন মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে বেলুন উড়িয়ে দিনব্যাপী এ সম্মেলন ও মিলন মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন।

র‌্যালি ও আলোচনা সভা

সকাল ১০টা থেকে চা চাষিদের নিবন্ধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে বেলা ১১টায় জেলা চা বাগান মালিক সমিতির আয়োজনে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন।

এ সময় জেলা চা বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক মানিক খান, সমিতির উপদেষ্টা আনিসুজ্জামান প্রামাণিক নূতনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশবান্ধব উৎপাদন ও আধুনিক যন্ত্র ব্যবহারে গুরুত্ব

আলোচনা সভায় বক্তারা বলেন, চায়ের গুণগত মান বজায় রাখতে সময়মতো সার প্রয়োগ এবং জৈব বালাইনাশকের ব্যবহার বাড়াতে হবে। অতিরিক্ত কীটনাশক ব্যবহার না করে পরিবেশবান্ধব ও অর্গানিক পদ্ধতিতে চা উৎপাদনে গুরুত্ব দিতে হবে।

তারা আরও বলেন, চায়ের মান বাড়াতে হাতে পাতা সংগ্রহের পরিবর্তে যন্ত্রের মাধ্যমে পাতা সংগ্রহে চাষিদের উৎসাহিত করা হচ্ছে। এ জন্য ঋণ ও অনুদানের মাধ্যমে চা পাতা সংগ্রহের মেশিন সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি উৎপাদিত চায়ের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কর্মশালার মাধ্যমে চাষিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

দিনব্যাপী এ আয়োজনে জেলার ছয় শতাধিক চা চাষি অংশ নেন। শেষ পর্বে বিকেলে চা চাষিদের নিয়ে কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন