রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৮৫ বছর বয়সে মারা গেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব ও সাবেক রাষ্ট্রদূত আফসারুল কাদের। শুক্রবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।
সাবেক রাষ্ট্রদূত আফসারুল কাদের মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শুক্রবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার শ্যালক সোহাইল আহমেদ।
শনিবার জোহরের নামাজের পর ধানমন্ডির ৭ নম্বর রোডে জানাজা শেষে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।
মুক্তিযুদ্ধে শহীদ দুই ভাই
আফসারুল কাদের স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। তার চার ভাই মুক্তিযোদ্ধা ছিলেন। তাঁদের মধ্যে দুই ভাই মুক্তিযুদ্ধে অংশ নিয়ে শহীদ হন। তার ভাই আকরামুল কাদেরও সাবেক রাষ্ট্রদূত।
কূটনৈতিক জীবন
১৯৬৯ সালে পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দেন আফসারুল কাদের। কর্মজীবনে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের মিশনে বিভিন্ন দায়িত্ব পালন করেন তিনি।
১৯৯৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত কেনিয়ায় এবং ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন আফসারুল কাদের।
এর আগে ১৯৯২ সালের মে থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিস) মহাপরিচালকের দায়িত্ব পালন করেন তিনি।

