শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

রাজশাহীতে প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থানের বড় সুযোগ: ভূমিমন্ত্রী

রাজশাহীর সম্ভাবনাময় খাতগুলোর একটি প্রাণিসম্পদ। এ খাতে কর্মসংস্থান সৃষ্টিরও বিশাল সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

আজ রাজশাহী শিশু একাডেমি প্রাঙ্গণে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধন ও প্রদর্শনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, এ অঞ্চলে পশুপালন ও পোল্ট্রিসহ বিভিন্ন খামার গড়ে তুলে উদ্যোক্তারা যেমন নিজেরা স্বাবলম্বী হচ্ছেন, তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

মিজানুর রহমান মিনু বলেন, কৃষিনির্ভর এ অঞ্চল থেকে প্রতিদিন শত শত ট্রাক তাজা মাছ ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া দেশের অন্যতম বৃহৎ পশুর হাট ‘রাজশাহী সিটি হাট’ থেকে সপ্তাহে দুই দিন কয়েকশ ট্রাকে গরু, মহিষ ও ছাগল দেশের অন্যান্য অঞ্চলে পাঠানো হচ্ছে।

প্রাণিসম্পদ খাতে রাজশাহী অনেক এগিয়ে গেছে উল্লেখ করে তিনি এ শিল্পকে আরও এগিয়ে নিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম চালিকাশক্তি। দুধ, ডিম ও মাংস উৎপাদনে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক কে এম মোজাফফর হোসেন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা, পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী এবং রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।

স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতোয়ার রহমান।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহী জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এর আগে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের উপস্থিতিতে সিঅ্যান্ডবি মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সার্কিট হাউজের সামনে দিয়ে শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূমিমন্ত্রীসহ অতিথিরা।

আলোচনা সভা শেষে রাজশাহী জেলার সেরা ১০ জন খামারি উদ্যোক্তার হাতে মেডেল, সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন