নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসহ (সিএ) হিসাব পেশাজীবীদের অযাচিত চাপের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে প্রতিবেদন তৈরির আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘একটি নিরীক্ষার বিশ্বাসযোগ্যতা শেষ পর্যন্ত নিরীক্ষকের স্বাধীনতার ওপর নির্ভর করে। হিসাব পেশাজীবীদের বস্তুনিষ্ঠভাবে প্রতিবেদন তৈরি ও অযাচিত চাপ প্রতিরোধের সাহস থাকতে হবে।’
শনিবার সকালে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) আন্তর্জাতিক সম্মেলন-২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার এমন একটি পরিবেশ সৃষ্টিতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে হিসাব পেশাজীবী, সরকারি কর্মকর্তা ও নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা কোনো ধরনের ভয়ভীতি বা পক্ষপাত ছাড়াই তাঁদের দায়িত্ব পালন করতে পারবেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধার, পুঁজিবাজার শক্তিশালী করা ও মানসম্মত বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করতে বাংলাদেশের আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন প্রয়োজন। বিনিয়োগকারীদের সঠিক তথ্য পাওয়ার সুযোগ ও একটি পূর্বানুমানযোগ্য নিয়ন্ত্রক পরিবেশ নিশ্চিত করতে হবে।
ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল— ‘সামষ্টিক-রাজস্ব স্থিতিশীলতা সুরক্ষা ও বিনিয়োগকারীদের আস্থা গড়ে তোলা’।
তিনি বলেন, একটি শক্তিশালী আর্থিক ব্যবস্থার ভিত্তি হচ্ছে আস্থা। আমানতকারীরা ব্যাংকে তাঁদের সঞ্চয় জমা রাখেন, বিনিয়োগকারীরা নিরীক্ষিত আর্থিক বিবরণের ওপর নির্ভর করেন। আর নাগরিকেরা আশা করেন, সরকারি প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
দেশের আর্থিক খাতে অতীতের অনিয়মের কথা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গত ১৫ বছরেরও বেশি সময়ে ব্যাংকিং, বিমা, পুঁজিবাজার ও করপোরেট সুশাসনের দায়িত্বে থাকা গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল ও ধ্বংস করা হয়েছে।’
এ সময় তিনি আরও বলেন, ব্যবসায়ী অলিগার্কদের সঙ্গে একটি অসাধু যোগসাজশের মাধ্যমে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার করা হয়েছে। এর ফলে দেশের অর্থনীতি দুর্নীতি ও নৈরাজ্যের চক্রে আটকে পড়েছে।
তিনি উল্লেখ করেন, ২০২৪ সালে বাংলাদেশের অর্থনীতির অবস্থা নিয়ে প্রকাশিত শ্বেতপত্রে ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ লাখ কোটি টাকা, বিদেশে পাচারের তথ্য উঠে এসেছে।
তিনি বলেন, এ হিসাবে বছরে গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার বা ১ লাখ ৮০ হাজার কোটি টাকা দেশ থেকে বেরিয়ে গেছে, যা জিডিপির প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য উল্লেখ করে তিনি বলেন, ২০২৬ সালের জুনের শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকা, যা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ।
আর্থিক খাতে স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল বলেন, স্বচ্ছতা অনেক সময় কষ্টদায়ক হতে পারে, কিন্তু এটি অপরিহার্য। সংকটের প্রকৃত মাত্রা স্বীকার না করে তা মোকাবিলা করা সম্ভব নয়।
তিনি বলেন, ‘অর্থপাচার প্রতিরোধ ব্যবস্থা জোরদার, ব্যাংকিং জালিয়াতির বিরুদ্ধে সুরক্ষা ব্যবস্থা জোরদার, আইনসম্মত উপায়ে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার ও খেলাপি ঋণের বোঝা মোকাবিলায় সরকার নানা পদক্ষেপ নিচ্ছে।’
টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনিয়ম, তহবিলের অপব্যবহার ও অযাচিত প্রভাব প্রতিরোধে সততা, জবাবদিহি ও স্বচ্ছতাকে সুরক্ষার প্রথম সারিতে রাখতে হবে।
তিনি আরও বলেন, ‘অর্থনীতিকে সুরক্ষিত রাখা সবার সম্মিলিত দায়িত্ব, এটি শুধু নিরীক্ষকদের কাজ নয়। হিসাববিদ, কর ও রাজস্ব কর্মকর্তা, সরকারি ক্রয় কার্যক্রমের প্রশাসক, প্রকল্প প্রকৌশলী ও নীতিনির্ধারক—সবারই সরকারি সম্পদ রক্ষায় ভূমিকা রয়েছে।’
এ সময় নীতিনির্ধারণী পর্যায়ে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
পরে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে অর্থপাচার, জলবায়ু ঝুঁকি ও প্রযুক্তিগত পরিবর্তনের মতো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় পারস্পরিক আস্থা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান ও উদ্যোগের কথাও স্মরণ করেন তিনি।
এর আগে, সাফা উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করায় আখতার সানজিদা কাশেমের হাতে অভিনন্দন স্মারক তুলে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানের আয়োজকেরা তাঁকেও একটি সম্মাননা স্মারক প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার।
সাফার সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন আইসিএবির সভাপতি সাব্বির আহমেদ এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেটলাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা এম আলাউদ্দিন আহমেদ।

