প্যারিসে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জাতিসংঘে বহুপক্ষীয় সহযোগিতা এবং আন্তর্জাতিক সংঘাত ও মানবিক সংকট মোকাবিলার বিষয়েও আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জঁ-নোয়েল বারো।
শনিবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্যারিসে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জাতিসংঘে বহুপক্ষীয় সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক সংঘাত ও মানবিক সংকট মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই মন্ত্রী।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দেওয়া এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি জানানো হয়। ঢাকায় অবস্থিত ফরাসি দূতাবাসও তাদের অফিশিয়াল ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করেছে।
জাতিসংঘে সহযোগিতা ও ভেটো ক্ষমতার ব্যবহার
বৈঠকে গণনৃশংসতার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার ব্যবহার নিয়ন্ত্রণে ফ্রান্স ও মেক্সিকোর যৌথ উদ্যোগে যুক্ত হওয়ার অঙ্গীকার করেছে বাংলাদেশ। পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদে দুই দেশের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং কার্যকর বহুপক্ষীয় ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
রোহিঙ্গা সংকট ও জবাবদিহি
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়। রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সিদ্ধান্তের পর দায়মুক্তির বিরুদ্ধে লড়াই এবং অপরাধের জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে মতবিনিময় করেন দুই মন্ত্রী।
মিয়ানমারে নিপীড়ন ও সহিংসতার শিকার হয়ে পালিয়ে আসা ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে এ সংকটের টেকসই সমাধান এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়ে আসছে ঢাকা।
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আগ্রহ
এ ছাড়া অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা বিনিময় ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন খাতে বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে প্যারিসে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (পলিটিক্যাল) মাহফুজা সুলতানা, কাউন্সেলর ও হেড অব চ্যান্সারি মো. ওয়ালিদ বিন কাশেম এবং প্রথম সচিব শেখ মারেফাত তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
চলতি বছরের ২ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। তিনি একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

