রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

মেধাবীদের খুঁজে বের করে দক্ষতা বিকাশে ভূমিকা রাখতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা

কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে এইচআর পেশাজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা ও বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে মেধার যথাযথ মূল্যায়ন জরুরি।

মেধাবীদের খুঁজে বের করে তাদের প্রতিভা ও দক্ষতা বিকাশে কার্যকর ভূমিকা রাখতে মানবসম্পদ বা এইচআর পেশাজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

তিনি বলেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে মেধাবীদের যথাযথ মূল্যায়ন ও বিকাশে মানবসম্পদ পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

রাজধানীর একটি হোটেলে ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস (এফবিএইচআরও) আয়োজিত ‘৮ম জাতীয় মানবসম্পদ সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রযুক্তির পাশাপাশি মানবসম্পদ উন্নয়নে গুরুত্ব

জনপ্রশাসন উপদেষ্টা বলেন, প্রযুক্তি অগ্রগতির চালিকাশক্তি হলেও প্রকৃত অগ্রগতি সৃষ্টি করে মানুষ। তাই প্রযুক্তির পাশাপাশি মানুষের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

দেশের কর্মসংস্থান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, প্রতিবছর বাংলাদেশে প্রায় ২০ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ-২০২৪-এর তথ্য তুলে ধরে তিনি জানান, ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণদের মধ্যে বেকারত্বের হার প্রায় ৮ দশমিক ৫ শতাংশ। উচ্চশিক্ষিত তরুণদের ক্ষেত্রে এ হার প্রায় ২৫ শতাংশ।

এ পরিস্থিতি মোকাবিলায় শিক্ষা ও প্রশিক্ষণব্যবস্থাকে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উপদেষ্টা বলেন, শুধু অধিকসংখ্যক স্নাতক তৈরি নয়, বরং কর্মসংস্থান উপযোগী, উৎপাদনশীল ও উদ্ভাবনী দক্ষতাসম্পন্ন তরুণ প্রজন্ম গড়ে তোলাই হওয়া উচিত মূল লক্ষ্য।

শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠানের সমন্বয়ের তাগিদ

ইসরায়েল ও জার্মানির উদাহরণ তুলে ধরে উপদেষ্টা বলেন, গবেষণা, উন্নত প্রযুক্তি, কারিগরি শিক্ষা ও দক্ষ মানবসম্পদে বিনিয়োগ একটি দেশের অর্থনৈতিক রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে, যাতে শিক্ষার্থীরা শ্রমবাজারের প্রকৃত চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন করতে পারে।

মানবসম্পদ উন্নয়নে তিনটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রথমত, শিক্ষা ও কর্মক্ষেত্রে ধারাবাহিক প্রশিক্ষণ এবং নতুন দক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ও নৈতিক ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে ব্যক্তিগত গোপনীয়তা, ন্যায়সংগত অধিকার ও সামাজিক অন্তর্ভুক্তি সুরক্ষিত থাকে। তৃতীয়ত, প্রযুক্তিনির্ভর পরিবর্তনের পাশাপাশি মানবিক নেতৃত্ব, সততা, সহমর্মিতা ও আবেগীয় বুদ্ধিমত্তার বিকাশ ঘটাতে হবে।

সম্মেলনে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণ

‘মানবসম্পদ ও কৃত্রিম বুদ্ধিমত্তা: ভবিষ্যতের জন্য দক্ষতার পুনর্গঠন’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি ড. মো. মোশাররফ হোসাইন।

অনুষ্ঠানে দেশি-বিদেশি মানবসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নবিষয়ক খ্যাতনামা বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, এফবিএইচআরও বাংলাদেশের মানবসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নবিষয়ক অলাভজনক ২৫টি সংস্থার শীর্ষ সংগঠন। দেশের মানবসম্পদ পেশাজীবীদের প্রতিনিধিত্ব, নীতিনির্ধারণে ভূমিকা রাখা এবং পারস্পরিক নেটওয়ার্কিং ও সহযোগিতা জোরদারে সংগঠনটি কাজ করে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন