রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাবেক আমির আল্লামা সরওয়ার কামাল আজিজী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সরকার যদি সত্যিকার অর্থে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে চায়, তাহলে জনগণের রায়কে সম্মান জানাতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় জাতীয় ঐক্যের কথা বলে কোনো লাভ হবে না।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, বাংলাদেশ আজ ভালো নেই। বর্তমান সরকার একসময় দীর্ঘ সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনামলে নিজেরাও জুলুমের শিকার ছিল। কিন্তু ৫ আগস্টের পর জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিবর্তনের পথে না হেঁটে ৬ আগস্ট থেকেই তাদের আচরণে আওয়ামী লীগ সরকারের শাসনকালের নানা বৈশিষ্ট্য পরিলক্ষিত হচ্ছে।
তিনি বলেন, দেশজুড়ে চাঁদাবাজি, দখল-বাণিজ্য, দুর্নীতি এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে মানুষের ওপর নির্যাতনের অভিযোগ উঠছে। জনগণ যে পরিবর্তনের প্রত্যাশা করেছিল, বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।
জামায়াত আমির বলেন, নির্বাচনের আগে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখন সংসদে গিয়ে তাঁদের অবস্থানে ভিন্নতা দেখা যাচ্ছে। জুলাই সনদের যেসব প্রস্তাব বাস্তবায়িত হলে দেশে আর ফ্যাসিবাদী শাসন কায়েম করা সম্ভব হবে না, সেসব বিষয়ে সরকার ভিন্নমত পোষণ করছে। এটি জনগণের প্রত্যাশার সঙ্গে প্রতারণার শামিল।
তিনি বলেন, জনগণ একটি দলকে বিদায় করে আরেকটি দলকে ক্ষমতায় বসানোর জন্য জীবন দেয়নি; তারা রাষ্ট্র ও রাজনীতিতে মৌলিক পরিবর্তন চেয়েছিল।
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকারকে জাতীয় ঐক্যের কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রীকেও ব্যক্তিগতভাবে জানানো হয়েছে, জাতীয় ঐক্যের পথে প্রধান বাধা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন না করা এবং গণভোটের রায় কার্যকর না করা। এই দুটি বিষয়ে সরকারকে ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে।
তিনি আরও বলেন, দেশে ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাইলে সবাই মিলে তা প্রতিহত করবে। তবে জাতীয় ঐক্যের কথা বলে জনগণের মৌলিক দাবি উপেক্ষা করার সুযোগ নেই।
সরকারের প্রশাসনিক ব্যর্থতার সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। অথচ জুলাই আন্দোলনের অন্যতম আকাঙ্ক্ষা ছিল একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কিন্তু বর্তমানে দুর্নীতি ও বৈষম্যের বিস্তার ঘটছে। এ অবস্থা চলতে দেওয়া যায় না।

