রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

ইউপি নির্বাচন সামনে রেখে ইসির তিন দিনব্যাপী সংলাপ শুরু

প্রথম দিনের বৈঠকে অংশ নিচ্ছে ১৫ রাজনৈতিক দল, সংলাপে থাকছে না বিএনপি-জামায়াত

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনব্যাপী সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রথম দিনের সংলাপে ১৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি।

ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার জানিয়েছেন, জামায়াত অ্যালায়েন্সের তিনটি দল মৌখিকভাবে রোববারের মতবিনিময়ে অংশ না নেওয়ার কথা জানিয়েছে। এ কারণে প্রথম দিনে ১৫টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ মতবিনিময় চলবে।

তিন দিনে ৫৯ দলের সঙ্গে সংলাপের পরিকল্পনা

নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর—এই তিন দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে ইসি। প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ ১৯টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে বিএনপি ও জামায়াত প্রথম দিনের সংলাপে অংশ নিচ্ছে না। তারা পরবর্তী দিনগুলোর সংলাপে অংশ নেবে বলে জানিয়েছেন ইসির জনসংযোগ শাখার পরিচালক।

বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও আমন্ত্রণ জানানো হয়নি।

৩০ নভেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনসহ ১৮টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। আর ১ ডিসেম্বর এনসিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যসহ ১৮টি দলকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন।

পাঁচ ধাপে ইউপি নির্বাচনের ভোট

ইসির ঘোষণা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।

প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন