শনিবার রাত ও রোববার দিবাগত রাতে পৃথক ঘটনা, হতাহতের খবর নেই
ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় আবারও রাতে দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকায় পুলিশ ছাউনিতে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত ও রোববার দিবাগত রাতে বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ছাউনিতে পেট্রলবোমা নিক্ষেপ
শনিবার রাত ১১টার দিকে আশুলিয়া থানাধীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের পাশে থাকা একটি পুলিশ ছাউনিতে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
দুটি বাসে অগ্নিসংযোগ
রাত ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেনে বলিয়ারপুর যমুনা ন্যাচারাল পার্ক-সংলগ্ন শ্যামলী পরিবহনের গ্যারেজের বাইরে রাখা একটি বাসে আগুন দেওয়া হয়।
এ ছাড়া আশুলিয়ার বেলতলা এলাকায় একটি গ্যারেজের সামনে রাখা আরেকটি বাসে অগ্নিসংযোগ করা হয়। পুলিশ জানিয়েছে, ওই বাসটিতে এর আগে ধামরাই এলাকায়ও আগুন দেওয়া হয়েছিল। মেরামতের জন্য বাসটি বেলতলার একটি গ্যারেজের সামনে রাখা ছিল।
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে টিবিএসকে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম এবং সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম।
তারা আরও জানিয়েছেন, এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

