২২ বছরের ক্যারিয়ারে দেশের প্রতিনিধিত্ব করাকে জীবনের সবচেয়ে বড় সম্মান ও গর্ব বললেন এই উইকেটকিপার-ব্যাটার
দুই দশকেরও বেশি সময় ধরে দেশের জার্সি গায়ে মাঠে নেমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন মুশফিকুর রহিম। আর এই অর্জনকেই জীবনের সবচেয়ে বড় সম্মান ও গর্ব বলে অভিহিত করেছেন জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটার।
শনিবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা জানান তিনি।
এর আগে একই দিন বিকেলে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাবেন মুশফিক।
নিজের পোস্টে মুশফিক লেখেন, ‘আপনারা ইতোমধ্যেই জেনেছেন, আমার সবচেয়ে প্রিয় ক্রিকেট ফরম্যাটকে বিদায় জানানোর সময় এসেছে। আলহামদুলিল্লাহ, শৈশবের স্বপ্নকে বাস্তবে বাঁচার অসাধারণ ২২টি বছর। সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ও গর্ব। এই সুন্দর যাত্রার সুযোগ করে দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে আমি চিরকৃতজ্ঞ।’
দীর্ঘ ক্যারিয়ারে পাশে থাকা পরিবার, শিক্ষক, কোচ, সতীর্থ, বন্ধু ও ভক্তদের অফুরন্ত ভালোবাসা এবং সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান ও শতকের মালিক মুশফিক।
মাঠে নামার সময় দর্শকদের উচ্ছ্বাস ও ভালোবাসা তাঁকে সব সময় অনুপ্রাণিত করেছে। সেই স্মৃতিচারণ করে মুশফিক লেখেন, ‘প্রতিবার ব্যাট হাতে মাঠে নামার সময় আপনাদের উচ্ছ্বাস আর মিরপুরের গ্যালারিতে প্রতিধ্বনিত হওয়া ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে।’
জীবনের নতুন অধ্যায় শুরুর আগে ভালো মানুষ হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, ‘জীবনে স্বপ্ন পূরণের পাশাপাশি আসুন আমরা ভালো মানুষ হই। বিনয়ী থাকি, মানুষের প্রতি সদয় হই এবং অন্যদের অনুপ্রাণিত করি। আল্লাহর ওপর ভরসা রেখে, আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাই, ইনশাআল্লাহ।’
পোস্টের শেষে নিজের ও পরিবারের জন্য সবার কাছে দোয়া কামনা করেন মুশফিকুর রহিম।
২০০৫ সালে লর্ডসে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুশফিকের। প্রায় ২২ বছরের ক্যারিয়ারে জাতীয় দলের অধিনায়কের দায়িত্বও পালন করেছেন তিনি। ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের বিপক্ষে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি উইকেটের পেছনেও ছিলেন নির্ভরতার প্রতীক। ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিক বাংলাদেশের ক্রিকেটে রেখে যাচ্ছেন দীর্ঘ ও সমৃদ্ধ এক অধ্যায়।

