আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির অভিযোগ; দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ
পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ, দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে বিএনপির সমাবেশস্থলে থাকা প্রায় ২০টি মোটরসাইকেল, একটি রেস্টুরেন্ট ও একটি খাবার হোটেলে অগ্নিসংযোগ করা হয়।
রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জাজিরার বিকেনগর এলাকায় এসব ঘটনা ঘটে। সংঘর্ষ ও অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ
ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েক হাজার মানুষকে দেশীয় অস্ত্র হাতে এক্সপ্রেসওয়ে অবরোধ করতে দেখা যায়। এ সময় দফায় দফায় ককটেল বিস্ফোরণে পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হন। এ সময় সেখানে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। স্থানীয় সূত্রের দাবি, এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে।
একপর্যায়ে একের পর এক ককটেল বিস্ফোরণের মুখে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে সরে যান। পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় সেখানে থাকা প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
রেস্টুরেন্ট ও খাবার হোটেলে আগুন
পরে নাওডোবা গোলচত্বরে অবস্থিত ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট এবং পাশের একটি খাবার হোটেলেও অগ্নিসংযোগ করা হয়।
তবে এ ঘটনায় পদ্মা সেতুর টোল প্লাজায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অবরোধ চলাকালে মাইকে ঘোষণা দিয়ে থানা ও পদ্মা সেতুর টোল প্লাজায় হামলা বা ভাঙচুর না করতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হচ্ছিল বলেও জানা গেছে।
যান চলাচল স্বাভাবিক, বলছে পুলিশ
অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, পদ্মা সেতুতে যান চলাচলে কেউ বিঘ্ন ঘটাতে পারে—এমন তথ্য পেয়ে পুলিশ সারা রাত দায়িত্ব পালন করেছে। এ জন্য পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন ছিলেন।
তিনি বলেন, সকালে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ কোনো ধরনের প্রাণহানি ছাড়াই তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছে। পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

