রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

ইউপি নির্বাচন সামনে রেখে তিন দিনে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

রোববার শুরু হচ্ছে সংলাপ, প্রথম দিনে অংশ নিচ্ছে না বিএনপি ও জামায়াতে ইসলামী

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। তিন দিনে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে ভোট গ্রহণকারী প্রতিষ্ঠানটি। রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রথম দিনের সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে।

প্রথম দিনে ১৮ দলকে আমন্ত্রণ

প্রথম দিনের সংলাপে নিবন্ধনের ক্রম অনুসারে ক্ষমতাসীন বিএনপি, বিরোধী দল জামায়াতে ইসলামীসহ ১৮টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছিল নির্বাচন কমিশন। তবে জামায়াতে ইসলামী রোববারের সংলাপে অংশ নিচ্ছে না। দলটি পরবর্তী সময়ে জোটগতভাবে সংলাপে অংশ নিতে চায়।

অন্যদিকে, বিএনপি রোববারের পরিবর্তে সোমবার (৩০ নভেম্বর) সংলাপে অংশ নেওয়ার আগ্রহের কথা ইসিকে জানিয়েছে। সে অনুযায়ী দলটি আগামীকাল সংলাপে অংশ নেবে।

তিন দিনে ৫৫ দলের সঙ্গে সংলাপ

নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, প্রথম দিনে ১৮টি দলকে সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার পরবর্তী ১৯টি এবং মঙ্গলবার (১ ডিসেম্বর) আরও ১৮টি দলের সঙ্গে সংলাপের কথা রয়েছে। সব মিলিয়ে তিন দিনে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে ইসি।

সংলাপের বাইরে আওয়ামী লীগ ও ১৪ দলের শরিকরা

বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি।

এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও সংলাপের বাইরে রাখা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন