৯ নম্বর পিলারের কাছে দুর্ঘটনা, এখনো শনাক্ত হয়নি নিহতের পরিচয়
মুন্সীগঞ্জে পদ্মা সেতুর ৯ নম্বর পিলারের কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছর বয়সী এক তরুণী নিহত হয়েছেন। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক পালিয়ে গেছেন।
রোববার (২৯ নভেম্বর) রাত ৩টার দিকে সেতুর ৯ নম্বর পিলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণী মোটরসাইকেলের পেছনের আসনে বসা ছিলেন।
দুর্ঘটনার পর পদ্মা সেতু কর্তৃপক্ষের সহায়তায় পদ্মা সেতু উত্তর থানা পুলিশ তরুণীর মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আক্তার হোসেন।
নিহত তরুণীর পরিচয় শনাক্তে পুলিশের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে। কেউ ওই নারীর পরিচয় জানতে পারলে পদ্মা সেতু উত্তর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

