রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ে তাপমাত্রা ১১.১ ডিগ্রি, বাড়ছে শীতের অনুভূতি

ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় ভোগান্তিতে পড়ছেন ভোরে কাজে বের হওয়া মানুষ

উত্তরের হিমেল হাওয়ার প্রভাবে দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ওঠানামা করছে। রাতভর শিশির ও ঘন কুয়াশার কারণে দিন দিন শীতের তীব্রতা বাড়ছে। রোববার (২৯ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

কুয়াশায় আচ্ছন্ন বিভিন্ন এলাকা

সরেজমিনে দেখা যায়, প্রায় প্রতিদিনই কখনো হালকা, আবার কখনো ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ছে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা। হিমেল বাতাসের সঙ্গে ঝরছে শিশিরবিন্দু।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, উত্তরের হিমেল হাওয়া জেলার ওপর দিয়ে বয়ে যাওয়ায় গত কয়েক দিন ধরে তাপমাত্রার পারদ ওঠানামা করছে। সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত শিশির ও কুয়াশার উপস্থিতি দেখা যাচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা ভেদ করে সূর্যের দেখা মিলছে।

ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ

আবহাওয়ার এমন পরিস্থিতিতে সকাল ও ভোরে কাজে বের হওয়া মানুষজন ভোগান্তিতে পড়তে শুরু করেছেন। বিশেষ করে চা-শ্রমিক, পাথরশ্রমিক ও দিনমজুরেরা বেশি দুর্ভোগে পড়েছেন। শীতের তীব্রতা বাড়ার আগেই সরকারি ও বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়েছেন তাঁরা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন