রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে দক্ষিণ জলিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের জলিরপাড় বাসস্ট্যান্ডে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দক্ষিণ জলিরপাড়ে গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখায় হামলা চালান।

এ সময় ব্যাংকের ভবনের থাই গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। একপর্যায়ে ব্যাংকের কাগজপত্র ও আসবাবপত্র বাইরে বের করে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়।

দক্ষিণ জলিরপাড় গ্রামের টুলু বাকচীর মালিকানাধীন ভবন ভাড়া নিয়ে গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখার কার্যক্রম পরিচালিত হচ্ছিল।

পুলিশের বক্তব্য পাওয়া যায়নি

এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন