রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের নীতিগত ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার ও রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায়সঙ্গত সংগ্রামে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথাও জানিয়েছেন তিনি।

‘ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস’ উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বাণীতে তারেক রহমান বলেন, আত্মনিয়ন্ত্রণাধিকার ও রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান সংকটের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সেখানে মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইনের অব্যাহত লঙ্ঘন দিবসটির তাৎপর্য আরও বাড়িয়ে দিয়েছে।

তিনি বলেন, যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনি জনগণের ওপর অব্যাহত হামলা, ইসরায়েলি বসতির লাগামহীন সম্প্রসারণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশে বিধিনিষেধ একটি টেকসই ও অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।

এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শমূলক মতামতের প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন প্রধানমন্ত্রী। ওই মতামতে যুদ্ধের কৌশল হিসেবে বেসামরিক নাগরিকদের অনাহারে রাখার নিষেধাজ্ঞাসহ আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে দখলদার বাহিনীর বাধ্যবাধকতাগুলো পুনর্ব্যক্ত করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ এবং দখলদারিত্বের অবসানের আহ্বান পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। জাতিসংঘের সাধারণ বিতর্কে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে পূর্বে রেকর্ড করা বক্তব্য পেশের সুযোগ দিয়ে গৃহীত প্রস্তাবটিকেও স্বাগত জানান তিনি।

এ ছাড়া বেসামরিক নাগরিকদের সুরক্ষা, বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিত করা এবং প্রাথমিক পুনরুদ্ধার ও পুনর্গঠনে সহায়তার সুস্পষ্ট ম্যান্ডেটসহ গাজায় জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানান প্রধানমন্ত্রী।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, সংহতির এই দিনে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বাস্তবসম্মত ও ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে। ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিগুলোকে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করতে হবে।

তিনি বলেন, ফিলিস্তিনি জনগণ যেন নিজেদের স্বাধীন মাতৃভূমিতে শান্তি, নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচারের সঙ্গে বসবাস করতে পারে, সে লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে কাজ করতে হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন