শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

অতীত পেছনে ফেলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা স্পিকারের

দুই দেশের দীর্ঘদিনের ভ্রাতৃত্ব অটুট রেখে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আশাবাদ জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, অতীত পেছনে ফেলে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে উভয় পক্ষ সম্মত হয়েছে।

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, দীর্ঘদিনের ভ্রাতৃত্ববোধ অটুট রেখে অতীত পেছনে ফেলে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে উভয় পক্ষই সম্মত হয়েছে।

গতকাল (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, পাকিস্তান সফররত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ স্থানীয় সংবাদমাধ্যমকে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সবাই আমাদের অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে অত্যন্ত আন্তরিক ও অর্থবহ আলোচনা হয়েছে।’

স্পিকার আরও বলেন, ‘আমরা অতীতকে পেছনে ফেলে ভবিষ্যতের দিকে তাকানোর সিদ্ধান্ত নিয়েছি। ইনশাআল্লাহ, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং আমাদের ভ্রাতৃত্ব অটুট থাকবে। তাদের আতিথেয়তা সত্যিই অসাধারণ, আর এখানে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’

পাকিস্তান সফরে সংসদীয় প্রতিনিধিদল

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে গত ২৩ নভেম্বর ঢাকা থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা হন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এই সফরে তাঁর সঙ্গে পাঁচ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল রয়েছে। প্রতিনিধিদলে রয়েছেন বিএনপির সংসদ সদস্য নাসের রহমান, জাহরাত আদিব চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী ও নিলুফার চৌধুরী মনি এবং জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুহাম্মদ নাজিবুর রহমান।

সফরকালে বুধবার (২৫ নভেম্বর) পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সরকারি বাসভবন ‘আইওয়ান-ই-সদর’-এ তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্পিকার। এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফের দেওয়া এক নৈশভোজেও অংশ নেন তিনি।

প্রতিনিধিদলটির আগামীকাল দেশে ফেরার কথা রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন