শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

হাতিয়ায় ২ কোটি ৮৮ লাখ টাকার সুপারিসহ ২৫ পাচারকারী আটক

মিয়ানমার থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ৭২ হাজার কেজি সুপারি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা সুপারির আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮৮ লাখ টাকা।

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে এসব সুপারিসহ ২৫ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (২৮ নভেম্বর) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টার দিকে হাতিয়া থানার লাল বয়া সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া।

তিনটি বোটে তল্লাশি

অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক তিনটি বোটে তল্লাশি চালানো হয়। এ সময় মিয়ানমার থেকে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ৭২ হাজার কেজি সুপারি উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ২ কোটি ৮৮ লাখ টাকা।

একই সঙ্গে সুপারি পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৫ জনকে আটক করা হয়।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও জানান, জব্দ করা সুপারি ও বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় অবৈধ চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন