পিরিজপুর বাজারে পার্ক করে রাখা বিআরটিসির বাসে গভীর রাতে অগ্নিসংযোগ; প্রায় এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস
কিশোরগঞ্জের বাজিতপুরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের পিরিজপুর বাজার এলাকায় ভৈরব মহিলা কলেজের ছাত্রীদের পরিবহনে ব্যবহৃত বিআরটিসির একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে ঘটনার সময় বাসে কেউ ছিলেন না।
দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
খবর পেয়ে বাজিতপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাজিতপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পিরিজপুর বাজারে বিআরটিসির একটি খালি বাসে আগুন লাগার খবর পেয়ে রাত ২টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত হতো বাসটি
জানা গেছে, বিআরটিসির বাসটি ভৈরব মহিলা কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহৃত হতো। রাতে বাসটি পিরিজপুর বাজারে পার্ক করে রাখা হতো। সেখানেই দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়।

