ঘটনার ৩০ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার; ২৪ ঘণ্টায় আসামিদের ধরার আশ্বাসে অনশন প্রত্যাহার করেছিলেন আন্দোলনকারীরা
ময়মনসিংহ নগরে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ রেদোয়ান হোসেন সাগরের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় দুই কিশোরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ৩০ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল-মামুন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নগরের আকুয়া মোড়লবাড়ী এলাকার মাহমুদুর রহমান উজ্জ্বলের ছেলে হাসিবুর রহমান পিয়াস (২১), নগরের ৩৬ বাড়িকলোনী এলাকার ১৬ বছর বয়সী এক কিশোর এবং আকুয়া হাবুন ব্যাপারী মোড় এলাকার ১৭ বছর বয়সী আরেক কিশোর।
রাতের আঁধারে স্মৃতিস্তম্ভে আগুন
পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (৮ নভেম্বর) রাত দেড়টার দিকে নগরের সারদা ঘোষ রোড এলাকায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ রেদোয়ান হোসেন সাগরের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে একদল দুর্বৃত্ত স্মৃতিস্তম্ভে টায়ার রেখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা বিভিন্ন স্লোগানও দেয়।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ দেখতে পায়, হামলাকারীদের মুখে মাস্ক ও মাথায় সাদা ক্যাপ ছিল।
তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার
ঘটনার পর ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান শাকিল ও কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলামের নির্দেশনায় পুলিশ বিভিন্ন তথ্য সংগ্রহ করে অভিযান চালায়।
তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও স্থানীয়ভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গ্রেপ্তারের দাবিতে অনশন, আশ্বাসে প্রত্যাহার
স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সোমবার ভোর ৪টা থেকে শহীদ সাগর চত্বরে আমরণ অনশনে বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
পরে বিকেলে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের আশ্বাসে তারা অনশন প্রত্যাহার করেন। সে সময় পুলিশ সুপার ২৪ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছিলেন।

