শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

ফরিদপুরে ট্রাফিক নিয়ন্ত্রণে এআই প্রযুক্তির উদ্যোগ, পুলিশকে সরঞ্জাম দিলেন সংসদ সদস্য

শহরের নিরাপত্তা জোরদার ও যানজট নিরসনে জেলা পুলিশকে বিশেষ ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জাম উপহার

ফরিদপুর শহরের নিরাপত্তা জোরদার, যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ উদ্যোগের অংশ হিসেবে জেলা পুলিশকে ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়ক একটি ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জাম উপহার দিয়েছেন তিনি।

এ কাজে তাঁকে সহযোগিতা করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যতম উপদেষ্টা ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির।

সংসদ সদস্যের কাছ থেকে ডিভাইস ও সরঞ্জাম গ্রহণ করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি।

নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা

সরঞ্জাম হস্তান্তরের সময় শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, যানজট নিরসন এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

চৌধুরী নায়াব ইউসুফ বলেন, ‘আমাদের শহরকে নিরাপদ রাখতে জেলা পুলিশ উদ্যোগ নিয়েছে। এমন একটি ভালো উদ্যোগের অংশ হতে পেরে আমাদের ভালো লাগছে।’

এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শহরে অপরাধপ্রবণতা কমে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজানুর বিশ্বাস তরুণ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহারিয়ার শিথিল এবং চরভদ্রাসন উপজেলা বিএনপির নেতা মোস্তফা কবির।

সংশ্লিষ্টদের আশা, এআই প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে শহরের নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থাপনায় উন্নতি হবে। পাশাপাশি নিরাপদ ও সুশৃঙ্খল নগর গড়তেও উদ্যোগটি ভূমিকা রাখবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন