সোমবার, ৯ নভেম্বর ২০২৬

উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে-পিটিয়ে জখম, পাঁচ রোহিঙ্গাসহ আটক ৭

কক্সবাজারের উখিয়ায় বিএনপির এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পাঁচ রোহিঙ্গাসহ সাতজনকে আটক করেছে পুলিশ। ব্যবসায়িক আধিপত্য নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। তবে আহত নেতার স্বজনদের দাবি, রাজনৈতিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের থাইংখালী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত নুরুল আমিন পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব এবং উখিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক। তিনি চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, হামলার ঘটনায় পুলিশের অভিযানে ছয়জনকে আটক করা হয়। পরে ৮ এপিবিএনের সদস্যদের সঙ্গে যৌথ অভিযানে আরও একজনকে আটক করা হয়। আটক সাতজনের মধ্যে পাঁচজন রোহিঙ্গা এবং দুজন বাংলাদেশি।

বাজারের আধিপত্য নিয়ে বিরোধের জেরে হামলা: পুলিশ

ওসি আতিকুর রহমান মজুমদারের ভাষ্য, রোহিঙ্গা আশ্রয়শিবিরসংলগ্ন দুটি বাজারের ব্যবসায়িক আধিপত্য ও ক্রেতা টানাটানিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরেই নুরুল আমিনের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নুরুল আমিন আলমগীর মার্কেটের মাছ বাজারে গিয়েছিলেন। সেখানে এক মাছ বিক্রেতার সঙ্গে তার কথা-কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। পরে ফেরার পথে কয়েকজন রোহিঙ্গা ও স্থানীয় ব্যক্তি তার ওপর হামলা চালান।

ওসি বলেন, “তার মাথা থেঁতলে গেছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, দাঁতও পড়ে গেছে। তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জেনেছি।”

তিনি আরও জানান, ২০১৭ সালে প্রতিষ্ঠিত আলমগীর মার্কেটের তুলনায় ২০২৫ সালে প্রতিষ্ঠিত জয়নাল মার্কেটে ক্রেতা কম যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রেষারেষি তৈরি হয়। এ নিয়ে আগেও একাধিকবার মারামারির ঘটনা ঘটেছে।

ওসি বলেন, “মার্কেটে বেচাকেনা, কাস্টমার টানা, এটা একটা ফ্যাক্টর। প্রথমে মাছ বিক্রেতার সঙ্গে বিরোধের সূত্রপাত হয়। পরে নুরুল আমিন ফেরার পথে কয়েকজন একজোট হয়ে তার ওপর হামলা করে। সেখানে কিছু বাঙালিও জড়িত ছিল। নেপথ্যে কারা ইন্ধন দিয়েছে, সেসব বিষয়ও আমরা তদন্ত করছি।”

ঘটনাটিকে রাজনৈতিক বিরোধের সঙ্গে যুক্ত করার দাবি নাকচ করে তিনি বলেন, বাজারের আধিপত্য নিয়ে প্রতিপক্ষের হামলার বিষয়টিই প্রাথমিকভাবে সামনে এসেছে।

রাজনৈতিক ও ব্যবসায়িক বিরোধের অভিযোগ বিএনপি নেতাদের

উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী মনে করেন, হামলার পেছনে রাজনৈতিক ও ব্যবসায়িক আধিপত্যের বিষয় থাকতে পারে।

তিনি বলেন, পালংখালীতে রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ নিয়ে আগে থেকেই প্রভাবশালী পক্ষগুলোর মধ্যে বিরোধ রয়েছে। নুরুল আমিনের পক্ষ ওই ব্যবসা-বাণিজ্যের নিয়ন্ত্রণ নিতে চাওয়ায় বিরোধ তৈরি হয়ে থাকতে পারে।

ঘটনার সঙ্গে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগও করেন তিনি। তবে এ দাবির পক্ষে সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ দেননি।

অন্যদিকে নুরুল আমিনের ভাই নুরুল আবছার মুন্নার অভিযোগ, স্থানীয় ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ চক্র এ হামলায় জড়িত। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরাও রয়েছেন বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য, বাজার থেকে টাকা সংগ্রহ করে ফেরার পথে ১৯ নম্বর চেকপোস্টের পাশে নুরুল আমিনের ওপর হামলা হয়। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন। চারটি মোটরসাইকেল সামনে চলে গেলেও নুরুল আমিন একটি মোটরসাইকেল নিয়ে পেছনে ছিলেন।

ঘটনাস্থলের কাছাকাছি পুলিশের উপস্থিতি এবং সিসিটিভি ফুটেজ রয়েছে দাবি করে মুন্না বলেন, “পুলিশের সহায়তায় সিসিটিভি ফুটেজ উদ্ধার করলে হামলার কারণ ও কারা জড়িত, সবকিছু জানা যাবে।”

জমি নিয়ে বিরোধের অভিযোগ, এখনো হয়নি মামলা

বাজার দখল বা আধিপত্য বিস্তার নিয়ে নুরুল আমিনের সঙ্গে কোনো বিরোধ ছিল না বলে দাবি করেন তার ভাই নুরুল আবছার মুন্না। তার অভিযোগ, ছাত্রদলের কর্মী আব্দুল আলমের খতিয়ানভুক্ত জমি অন্যরা দখল করে রেখেছে। ওই জমি মালিককে বুঝিয়ে দেওয়ার পক্ষে কথা বলায় নুরুল আমিনের সঙ্গে বিরোধ তৈরি হয়।

এ ঘটনায় পালংখালীর কয়েকজন প্রভাবশালী জনপ্রতিনিধি জড়িত বলে অভিযোগ করলেও তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করতে চাননি মুন্না।

তিনি বলেন, “আমার ভাইয়ের অবস্থা সংকটাপন্ন। আমরা এখনো মানসিকভাবে স্থির হতে পারিনি। পরিবারের সবাই মিলে আলোচনা করে মামলা করব।”

ওসি আতিকুর রহমান জানান, আহত ব্যক্তির স্বজনেরা চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় তখনো থানায় মামলা করেননি। তাদের সঙ্গে পুলিশের কথা হয়েছে। দ্রুত মামলা করবেন বলে জানিয়েছেন তারা। মামলা হওয়ার পর অভিযোগ যাচাই করে আটক ব্যক্তিদের মধ্যে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের আদালতে পাঠানো হবে।

মাথায় গভীর ক্ষত, সড়ক অবরোধ করে বিক্ষোভ

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সাবুকতাগিন মাহমুদ সোহেল জানান, নুরুল আমিনের মাথায় দুটি গভীর ক্ষত এবং ঠোঁটে একটি আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণও হয়েছে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে হামলার ঘটনার পর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কক্সবাজার-টেকনাফ সড়কের পালংখালী স্টেশন, থাইংখালী ও উখিয়া সদরসহ বিভিন্ন স্থানে অবরোধ করেন। তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে রাতে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। একপর্যায়ে থানার সামনে ওসির পদত্যাগের দাবিতেও বিক্ষোভ করেন তারা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন