সোমবার, ৯ নভেম্বর ২০২৬

সেনা সদস্য তিতাস হত্যা: ২৭ জনের নাম উল্লেখ করে মামলা, আসামি ৪৪

টেকনাফের গহিন পাহাড়ে মানব পাচারকারীদের গুলিতে সেনা সদস্য মো. তিতাস শেখ নিহতের ঘটনায় চার দিন পর মামলা হয়েছে। মামলায় ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১৭ জনকে।

কক্সবাজারের টেকনাফে সেনা সদস্য তিতাস শেখ হত্যার ঘটনায় সোমবার (৯ নভেম্বর) ভোররাতে মামলাটি দায়ের করা হয়। সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনহাজুল ইসলাম বাদী হয়ে টেকনাফ থানায় এজাহার জমা দেন।

সোমবার বিকেলে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

মামলায় প্রধান আসামি করা হয়েছে টেকনাফের ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদকে। ঘটনার দিন যৌথ বাহিনীর অভিযান চলাকালে পালানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। মামলার অধিকাংশ আসামি রোহিঙ্গা হলেও কয়েকজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন।

তিন আইনে অভিযোগ, গ্রেপ্তার ছয়

ওসি সাইফুল ইসলাম জানান, সেনা সদস্য তিতাস শেখ হত্যার ঘটনায় হত্যা, মানব পাচার ও অস্ত্র আইনের পৃথক তিন ধারায় অভিযোগ আনা হয়েছে। পুলিশ মামলাটি নথিভুক্ত করে তদন্তের প্রাথমিক কাজ শুরু করেছে।

তিনি আরও জানান, মামলার প্রধান আসামিসহ এজাহারভুক্ত ছয়জনকে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্তের পাশাপাশি বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

যেভাবে নিহত হন সেনা সদস্য তিতাস

এর আগে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার গহিন পাহাড়ে যৌথ বাহিনীর সঙ্গে সশস্ত্র মানব পাচারকারীদের গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সেনা সদস্য মো. তিতাস শেখ গুলিবিদ্ধ হন।

পরে তাকে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিতাস শেখকে মৃত ঘোষণা করেন।

উদ্ধার ৫৬ জিম্মি, অস্ত্র ও গুলি জব্দ

যৌথ বাহিনীর ওই অভিযানে ঘটনাস্থল থেকে পালানোর সময় মানব পাচারে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে মানব পাচারকারীদের আস্তানায় জিম্মি করে রাখা ৫৬ জন ভুক্তভোগীকে উদ্ধার করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পরদিন যৌথ বাহিনীর বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি গুলি এবং বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন