সোমবার, ৯ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে নতুন প্রস্তাব শ্রমিকপক্ষের

সর্বোচ্চ মজুরি ৪৮ হাজার টাকা নির্ধারণের দাবি শ্রমিকপক্ষের, চার কার্যদিবসের মধ্যে প্রস্তাব দেবে মালিকপক্ষ

তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। একই সঙ্গে সর্বোচ্চ মজুরি ৪৮ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি এ প্রস্তাব উত্থাপন করেন।

সভা শেষে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আক্তার সাংবাদিকদের বলেন, বর্তমান বাজারমূল্য, চিকিৎসা ব্যয় এবং জীবনযাত্রার অন্যান্য খরচ বিবেচনায় শ্রমিকদের মজুরি আরও বেশি হওয়া প্রয়োজন।

তিনি বলেন, ‘২০০৬ সালে আমাদের মজুরি অনেক কম দিয়ে শুরু হয়েছিল, সেই কমের জের আমরা এখনো টেনে যাচ্ছি।’

এদিকে সভায় মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন কোনো সুনির্দিষ্ট মজুরি প্রস্তাব উপস্থাপন করতে পারেননি।

এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘শ্রমিক অসন্তোষের কারণে আমরা সেদিকে মনোযোগ দিয়েছি। সেজন্য আজ প্রস্তাব দিতে পারিনি।’

তবে আগামী চার কার্যদিবসের মধ্যে মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব জানাবে বলে তিনি উল্লেখ করেন।

এ বি এম শামসুদ্দিন আরও বলেন, ‘মালিকপক্ষ দেরিতে প্রস্তাব দিলেও পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বরেই নতুন মজুরি কার্যকর হবে।’

সভায় মজুরি বোর্ডের চেয়ারম্যান জানান, নির্ধারিত চার কার্যদিবসের মধ্যে মালিকপক্ষ মজুরি প্রস্তাব দিতে ব্যর্থ হলে বোর্ড নিজস্ব পন্থায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, তৈরি পোশাকশ্রমিকেরা দীর্ঘদিন ধরে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। সেই দাবির চেয়েও দুই হাজার টাকা বেশি ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন