সোমবার, ৯ নভেম্বর ২০২৬

গাজায় ভারী বৃষ্টির পর ভূমিধস, চার শিশুসহ নিহত ৫

শীতকালীন ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে গাজার দেইর আল-বালাহতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুর ওপর বালুর স্তূপ ধসে চার শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন দুজন। দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার সমালোচনা করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

সোমবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানায়, গত রোববার (৮ নভেম্বর) মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহতে একটি তাঁবুর ওপর বালুর স্তূপ ধসে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চার শিশু ও একজন নারী রয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ‘এটা এমন একটি দৃশ্য, যা মানবতার বিবেককে লজ্জিত করা উচিত। আমাদের জনগণের ওপর চাপিয়ে দেওয়া ষড়যন্ত্র ও পরিত্যক্ত অবস্থার ভয়াবহতাও এতে প্রতিফলিত হয়েছে।’

বৃষ্টিতে প্লাবিত বাস্তুচ্যুতদের আশ্রয়শিবির

গত শুক্রবার (৬ নভেম্বর) অবরুদ্ধ গাজায় বছরের প্রথম শীতকালীন ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা ও বন্যার সৃষ্টি হয়েছে। বন্যার পানিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়শিবিরগুলো প্লাবিত হয়েছে। একই সঙ্গে ইসরাইলি বিমান হামলায় আগে থেকেই ক্ষতিগ্রস্ত ভবনগুলো আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

ইসরাইলি সামরিক বাহিনীর আরোপ করা বিধিনিষেধের কারণে উন্নত অনুসন্ধান ও উদ্ধার সরঞ্জামের সংকট দেখা দিয়েছে। ফলে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে গাজার বাসিন্দাদের খালি হাতেই মাটি ও বালু সরাতে হয়েছে।

আশ্রয়হীন মানুষের অসহায়ত্ব তুলে ধরল ভূমিধস

দেইর আল-বালাহ থেকে আলজাজিরার প্রতিবেদক তারেক আবু আজ্জুম জানান, নিহত ব্যক্তিরা খোলা জায়গায় দুর্বল তাঁবুতে বসবাস করছিলেন। ভারী বৃষ্টি থেকে নিজেদের রক্ষার মতো কোনো ব্যবস্থাই ছিল না তাদের।

তিনি বলেন, ‘বালুর বাঁধটি যখন ধসে পড়ে, তখন ওই মানুষগুলোর পালিয়ে যাওয়ার বা নিজেদের রক্ষা করার কোনো সুযোগ ছিল না। মাঠপর্যায়ে মানুষকে কতটা কঠিন পরিস্থিতির মধ্যে বেঁচে থাকতে হচ্ছে, এ ঘটনা তা সামনে এনেছে।’

প্লাবিত ৭০ হাজার তাঁবু, সংকটে পাঁচ লাখের বেশি শিশু

চলতি সপ্তাহে ঝড়ের সময় গাজায় প্রায় ৭০ হাজার তাঁবু প্লাবিত হয়েছে। শিশু অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের তথ্য অনুযায়ী, গাজায় পাঁচ লাখের বেশি শিশু বর্তমানে ‘সংকটাপন্ন বা বিপর্যয়কর’ আশ্রয় পরিস্থিতিতে বসবাস করছে।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এক বছরেরও বেশি আগে ঘোষিত তথাকথিত যুদ্ধবিরতিতে তাঁবুর পরিবর্তে আরও টেকসই বিকল্প হিসেবে ক্যারাভ্যান প্রবেশের কথা বলা হয়েছিল। কিন্তু ইসরাইলি কর্তৃপক্ষ বারবার গাজায় এসব ক্যারাভ্যান প্রবেশে বাধা দিয়েছে। ফলে লাখ লাখ শিশুকে আরও একটি শীতকাল চরম দুর্ভোগের মধ্যে কাটাতে হচ্ছে।

ইসরাইল, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়ী

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় এ ঘটনার জন্য ইসরাইল, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘সম্পূর্ণ ও সরাসরি দায়ী’ করেছে। তাদের অভিযোগ, ইসরাইলের কর্মকাণ্ডের বিষয়ে নীরব থাকার পাশাপাশি আশ্রয়সামগ্রী, নির্মাণসামগ্রী, ক্যারাভ্যান, জ্বালানি এবং পৌরসভা ও বেসামরিক প্রতিরক্ষা বিভাগের যন্ত্রপাতি সচল রাখার প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ প্রবেশে বাধা দেওয়ার ক্ষেত্রেও এসব পক্ষের দায় রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই নিষ্ক্রিয়তা এবং বোর্ড অব পিস ও গাজা প্রশাসনের জাতীয় কমিটির সম্পূর্ণ অনুপস্থিতির তীব্র নিন্দা জানাচ্ছি। মনে হচ্ছে, এই বিপর্যয় নিয়ে তাদের কোনো উদ্বেগই নেই।’

দায়িত্ব পালনে ব্যর্থতা এবং অর্পিত দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর অভিযোগ তুলে এসব প্রতিষ্ঠানের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছে কার্যালয়টি। তাদের ভাষ্য, ফিলিস্তিনি জনগণের দুর্ভোগের মধ্যে এসব প্রতিষ্ঠান নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করছে।

যুদ্ধবিরতির পরও অব্যাহত হামলা

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের আকস্মিক হামলার পর গাজায় সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে এখন পর্যন্ত ৭৪ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন