দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় গত ২১ সেপ্টেম্বর গ্রেপ্তার হন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তারের বিষয়টি জাতীয় সংসদকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো একটি চিঠির সংশ্লিষ্ট অংশ পড়ে শোনান স্পিকার। এর মাধ্যমে সংসদ সদস্যের গ্রেপ্তারের বিষয়ে সংসদকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়।
স্পিকার বলেন, ‘সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৬ বিধি অনুযায়ী সংসদ সদস্যকে গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া চিঠির তথ্য সংসদকে জানানো হচ্ছে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গত ২০ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানায় করা ১৬৯৫ নম্বর সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে গাজী নজরুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের ন্যাম ভবনের পাঁচ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর বাসা থেকে তাকে থানায় নেওয়া হয়।
পরে শেরেবাংলা নগর থানায় দণ্ডবিধির ৩০৬ ধারায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় ২১ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার দেখানো হয়। স্পিকারের পড়ে শোনানো চিঠিতে মামলার নম্বর ১৬ এবং জিআর নম্বর ১৯৭ উল্লেখ করা হয়েছে।
দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা
মামলার বিবরণ অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ছাড়াও তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।
মামলায় গ্রেপ্তারের পর থেকে গাজী নজরুল ইসলাম কারাগারে রয়েছেন। বর্তমানে তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন।

