শিক্ষাব্যবস্থায় পরিবর্তন, কর্মভিত্তিক প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টিতে যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব; চালু হচ্ছে দেশব্যাপী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার
দেশের শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল তৈরি, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং শিক্ষাব্যবস্থাকে শিল্পের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। এ লক্ষ্যে শিল্পপ্রতিষ্ঠান ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন, কর্মভিত্তিক প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) আইএলওর প্রতিনিধিদলের সঙ্গে চট্টগ্রাম চেম্বারের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় এসব বিষয় উঠে আসে। সভায় সরকারের উদ্যোগে দেশব্যাপী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার চালু, শিল্পের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ এবং তরুণদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
শিল্পের চাহিদার সঙ্গে শিক্ষাব্যবস্থার সমন্বয়ের তাগিদ
সভায় চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন এনে শিল্পের বাস্তব চাহিদাভিত্তিক কারিগরি ও ব্যবহারিক শিক্ষার প্রসার ঘটানো প্রয়োজন। প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে সাধারণ ডিগ্রি অর্জন করলেও শিল্পপ্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজন অনুযায়ী দক্ষ কর্মী পাচ্ছে না।
অন্যদিকে শিক্ষিত তরুণ-তরুণীরাও উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে শিক্ষাব্যবস্থা ও শ্রমবাজারের চাহিদার মধ্যে একটি ব্যবধান তৈরি হয়েছে। এ ব্যবধান কমাতে শিক্ষার পাশাপাশি ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ বাড়ানোর ওপর জোর দেন তিনি।
আমিরুল হক বলেন, কানাডাসহ উন্নত দেশগুলোর আদলে স্বল্পমেয়াদি পেশাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে প্লাম্বিং, পেইন্টিং, কাটিং, সেলাই ও গ্যাস সংযোগসহ বিভিন্ন কারিগরি বিষয়ে দক্ষ জনবল তৈরি করা যেতে পারে। এতে শিল্পপ্রতিষ্ঠানের প্রয়োজনীয় কর্মী সরবরাহের পাশাপাশি তরুণদের কর্মসংস্থানের সুযোগও বাড়বে।
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) আধুনিক প্রযুক্তির দ্রুত বিকাশের বিষয়টি বিবেচনায় রেখে শিক্ষাক্রম ও প্রশিক্ষণ পদ্ধতিকে সময়োপযোগী করা জরুরি। প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা তৈরি করতে না পারলে ভবিষ্যতের শ্রমবাজারে প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা কঠিন হবে।
এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার চালুর উদ্যোগ
সভায় জানানো হয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে সরকার দেশব্যাপী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে। এ কার্যক্রমে কারিগরি সহযোগিতা দিচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।
এই উদ্যোগের আওতায় শিল্পপ্রতিষ্ঠান ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর যোগাযোগ তৈরি, কর্মভিত্তিক প্রশিক্ষণের সুযোগ বাড়ানো, দক্ষতা উন্নয়ন এবং চাকরিপ্রার্থীদের কর্মসংস্থান সহায়তা দেওয়ার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এর মাধ্যমে একদিকে শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় দক্ষ কর্মীর চাহিদা চিহ্নিত করা, অন্যদিকে চাকরিপ্রার্থীদের সেই চাহিদা অনুযায়ী প্রশিক্ষিত করে কর্মক্ষেত্রে যুক্ত করার সুযোগ তৈরি হবে বলে সভায় আলোচনা করা হয়।
আইএলওর লক্ষ্য মানসম্মত কর্মসংস্থান ও উন্নত কর্মপরিবেশ
সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে আইএলওর বাংলাদেশস্থ কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন বলেন, বাংলাদেশ সরকার, শ্রমিক ও মালিক—সব পক্ষের স্বার্থ ও প্রয়োজন বিবেচনায় নিয়ে কাজ করে আইএলও। সংস্থাটির মূল লক্ষ্য অধিকসংখ্যক ও মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি এবং কর্মক্ষেত্রে কাজের পরিবেশ উন্নত করা।
তিনি জানান, এ লক্ষ্য বাস্তবায়নে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপন, কর্মভিত্তিক শিক্ষার মাধ্যমে তরুণদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি, দক্ষতা উন্নয়ন এবং শিল্পের চাহিদা অনুযায়ী জনবল গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে আইএলও। পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধিতেও কাজ করছে সংস্থাটি।
এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের বিস্তারিত উপস্থাপন
সভায় আইএলওর ন্যাশনাল প্রোগ্রাম অফিসার মোহাম্মদ ওয়াসফি তামিম প্রেজেন্টেশনের মাধ্যমে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় কর্মসংস্থান সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে প্রশিক্ষণ কার্যক্রমের সমন্বয়ের বিষয়গুলো আলোচনায় আসে।
সভায় উপস্থিত ছিলেন যারা
মতবিনিময় সভায় চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী, পরিচালক শহীদুল আলম, বিজিএমইএ পরিচালক এনামুল আজিজ চৌধুরী ও মো. সাইফুল্লাহ উপস্থিত ছিলেন।
এ ছাড়া আইএলওর চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার পিটার বেলেন, হেড অব প্রোগ্রাম গুঞ্জন দাল্লাকোটি, সিনিয়র প্রোগ্রাম অফিসার তানজেল আহসান, বিজিএমইএর চিফ কো-অর্ডিনেটর (আইএলও অ্যান্ড লেবার অ্যাফেয়ার্স) এএনএম সাইফুদ্দিন এবং রিটজি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা মো. জামশেদ আলী সভায় অংশ নেন।

