মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে আনতালিয়ার পথে তারেক রহমান

জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ছাড়লেন তারেক রহমান

একত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের আনতালিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বলে জানিয়েছেন তাঁর উপপ্রেস সচিব হাসান শিপলু।

তিনি বলেন, “কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে মাননীয় প্রধানমন্ত্রী আনতালিয়ায় যাচ্ছেন। এই সম্মেলনে তিনি ভাষণ দেবেন। ঢাকা থেকে ইস্তানবুলে যাত্রাবিরতি করে আনতালিয়ায় পৌঁছাবেন মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায়।”

বিমানবন্দরে বিদায় জানান মন্ত্রী ও দলীয় নেতারা

শাহজালাল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব এস এম জাহাঙ্গীর, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

হাসান শিপলু বলেন, প্রধানমন্ত্রী মঙ্গলবার আনতালিয়ায় পৌঁছানোর পরদিন জলবায়ু সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনের সাইডলাইনে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকও হবে।

উপপ্রেস সচিব জানান, শুক্রবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক

পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী সোমবার সংবাদ সম্মেলনে জানান, ১০ থেকে ১২ নভেম্বর তিন দিনের এ সফরের শেষ দিন প্লেনারি সেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তুরস্ক সফরে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে।

পররাষ্ট্র সচিব বলেন, “পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট, চীনের উপ-রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউএনডিপির প্রশাসকের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।”


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন