মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

এআই প্রযুক্তির চাহিদায় চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছাড়ালো ১ ট্রিলিয়ন ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বৈশ্বিক চাহিদা বৃদ্ধির সুবাদে রপ্তানি আয়ে বড় সাফল্য পেয়েছে চীন। চলতি বছরের প্রথম ১০ মাসেই দেশটির বাণিজ্য উদ্বৃত্ত ১ লাখ কোটি ডলারের মাইলফলক ছাড়িয়েছে। গত বছরের রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি।

মঙ্গলবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

বিশ্ববাজারে এআই প্রযুক্তিসংশ্লিষ্ট পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় সাম্প্রতিক মাসগুলোতে চীনের রপ্তানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কম্পিউটার চিপ, ডেটা সেন্টারের সার্ভার এবং নেটওয়ার্কিং সরঞ্জামের চাহিদা দেশটির রপ্তানি প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে।

এআই প্রযুক্তির চাহিদায় রপ্তানি বৃদ্ধি

রপ্তানি আয়ের এই প্রবৃদ্ধি চীনের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সহায়ক হয়ে উঠেছে। কারণ, একসময় দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি আবাসন খাত দীর্ঘদিন ধরে সংকটের মধ্যে রয়েছে। এর প্রভাব পড়েছে অভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মকাণ্ডেও।

চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের (জিএসি) তথ্য অনুযায়ী, গত অক্টোবরে দেশটির রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৩৫ দশমিক ২ শতাংশ বেড়ে ৪১২ দশমিক ৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

একই সময়ে আমদানি বেড়েছে ৪১ দশমিক ৬ শতাংশ। এতে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৩০৭ দশমিক ১ বিলিয়ন ডলার।

জিএসির হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত চীনের মোট বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১ দশমিক ০৪ ট্রিলিয়ন ডলার, অর্থাৎ ১ লাখ ৪ হাজার কোটি ডলার।

অর্থনীতির প্রবৃদ্ধিতে রপ্তানিকারকদের বড় ভূমিকা

চীনের অর্থনীতিতে রপ্তানিকারকদের অবদান ক্রমেই বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

পিনপয়েন্ট অ্যাসেট ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট ও প্রধান অর্থনীতিবিদ ঝিওয়েই ঝাং বলেন, চলতি বছর চীনের অর্থনীতির প্রবৃদ্ধিতে রপ্তানিকারকরাই প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করেছেন।

তিনি আরও বলেন, ‘নিকট ভবিষ্যতেও রপ্তানিকারকদের এই ভালো অবস্থান অব্যাহত থাকবে বলে আমি আশা করছি।’

চলতি বছরের বাকি সময়ে চীনের সামষ্টিক অর্থনৈতিক নীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে বলেও মনে করেন না তিনি।

গত বছরের রেকর্ড ছাড়ানোর পথে চীন

গত বছর চীনের বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছিল। সে বছর নভেম্বরেই প্রথমবারের মতো বাণিজ্য উদ্বৃত্ত ১ লাখ কোটি ডলারের মাইলফলক অতিক্রম করে দেশটি।

তবে এবার গত বছরের তুলনায় আরও আগেই সেই সীমা অতিক্রম করেছে চীন। চলতি বছরের প্রথম ১০ মাসেই বাণিজ্য উদ্বৃত্ত ১ দশমিক ০৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোয় বছর শেষে নতুন রেকর্ড গড়ার পথে রয়েছে দেশটি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন