সোমবার, ৯ নভেম্বর ২০২৬

পোল্যান্ডের ক্রাকোতে বন্দুকধারীর হামলায় ৬ জন নিহত

ক্রাকোর ঐতিহাসিক মেইন মার্কেট স্কয়ার ঘিরে রেখেছে কর্তৃপক্ষ; উগ্র ডানপন্থী মতাদর্শে আকৃষ্ট ছিলেন হামলাকারী

পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাকোতে বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় সন্ত্রাসবাদ বিষয়ক তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। হামলাস্থল শহরের ঐতিহাসিক মেইন মার্কেট স্কয়ার ঘিরে রাখা হয়েছে। সেখানে নিহতদের স্মরণে ফুল ও মোমবাতি নিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন শোকাহত মানুষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারী উগ্র ডানপন্থী মতাদর্শের প্রতি আকৃষ্ট ছিল। দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এ ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছেন।

পোল্যান্ডের ক্রাকো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ঐতিহাসিক কেন্দ্রে এলোপাতাড়ি গুলি

শনিবার ক্রাকো শহরের ঐতিহাসিক কেন্দ্রে ২৪ বছর বয়সী এক পোলিশ নাগরিক এলোপাতাড়ি গুলি চালায়। এতে ছয়জন নিহত ও ১৫ জন আহত হন।

মালোপোলস্কা অঞ্চলের গভর্নর ক্রিস্তফ ক্লেচার সাংবাদিকদের জানান, নিহতদের মধ্যে ৩২ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিক ও ৫১ বছর বয়সী এক অস্ট্রীয় নারী রয়েছেন। বাকি চারজন পোল্যান্ডের নাগরিক।

হামলায় আহত ১৫ জনের মধ্যে জার্মানি, পর্তুগাল ও রাশিয়ার নাগরিকও রয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।

হামলাকারীর পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

এদিকে, ক্রাকো থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তর-পূর্বে ওস্ত্রোভিয়েক শভিয়েনতোশিস্কির একটি বাড়িতে আরও তিনজনের মরদেহ পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, নিহতরা সন্দেহভাজন হামলাকারীর বাবা-মা ও বোন।

পুলিশের সঙ্গে গোলাগুলির সময় হামলাকারী আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সন্ত্রাসবাদ বিষয়ক তদন্ত শুরু

জাতীয় প্রসিকিউটর দপ্তর জানিয়েছে, এ ঘটনায় সন্ত্রাসবাদ বিষয়ক তদন্ত শুরু হয়েছে।

হামলার ঘটনায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস নিন্দা জানিয়েছেন। রোববার তার মুখপাত্রের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নিহতদের পরিবারের পাশাপাশি পোল্যান্ড সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন