মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

দুর্যোগ মোকাবিলায় সংস্থাগুলোর সক্ষমতা অনুযায়ী দায়িত্ব বণ্টনের নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

উদ্ধার সরঞ্জাম ও বাস্তব সক্ষমতা বিবেচনায় নিয়ে দুর্যোগ ও অগ্নিকাণ্ড মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে দায়িত্ব ভাগ করে কার্যকর প্রস্তুতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেছেন, দুর্যোগের সময় নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস, পুলিশ, রেড ক্রিসেন্টসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কেবল কাগজে-কলমে দায়িত্ব বণ্টন নয়, বাস্তবে উদ্ধার কার্যক্রম পরিচালনার সক্ষমতাও নিশ্চিত করা জরুরি।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে নগর ভবনের অডিটোরিয়ামে ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পঞ্চম সভায়’ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অপরিকল্পিত নগরায়ণে বাড়ছে দুর্যোগের ঝুঁকি

ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধিকাংশ এলাকা অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। এ কারণে ভবনধস, অগ্নিকাণ্ড, রাসায়নিক ও বৈদ্যুতিক সরঞ্জামের বিস্ফোরণ এবং ভূমিকম্পের মতো দুর্যোগের ঝুঁকি রয়েছে। এসব পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে।

দুর্যোগ মোকাবিলায় নিয়মিত মহড়া ও জনসচেতনতামূলক সেমিনার আয়োজনের ওপরও গুরুত্ব দেন তিনি। পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অগ্নিনিরাপত্তা বিষয়ে তরুণদের সচেতন করার আহ্বান জানান।

ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা বাধ্যতামূলক করার তাগিদ

সম্প্রতি পুরান ঢাকার মৌলভীবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা তুলে ধরে আবদুস সালাম বলেন, ওই এলাকায় সরু রাস্তা, পানির সংকট এবং দোকানপাট ও হকারদের অবস্থানের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়।

এ ধরনের পরিস্থিতি এড়াতে বহুতল ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে প্রাথমিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং ফায়ার হাইড্রেন্ট স্থাপন বাধ্যতামূলক করার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

ঝুলন্ত তার মাটির নিচে নেওয়া ও জলাধার সংরক্ষণের আহ্বান

শহরের ঝুলন্ত ক্যাবল ও বৈদ্যুতিক তার মাটির নিচে নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে ডিএসসিসি প্রশাসক বলেন, অগ্নিনির্বাপণের জন্য পর্যাপ্ত পানির সংস্থান নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে ধোলাইখালসহ নগরীর পুকুর ও জলাধারগুলো সংরক্ষণ করা জরুরি।

সভায় ৫৭ প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমানের পরিচালনায় সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংস্থা ও এনজিওর ৫৭ জন প্রতিনিধি অংশ নেন।

সভায় দুর্যোগের পূর্বপ্রস্তুতি, দুর্যোগকালীন উদ্ধার ও জরুরি কার্যক্রম এবং দুর্যোগ-পরবর্তী ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব ও ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন