দণ্ডিত ও বিচারিক কার্যক্রম এড়িয়ে পলাতক থাকায় পাসপোর্ট আইন অনুযায়ী তাঁর আবেদন গ্রহণের সুযোগ নেই বলে জানিয়েছেন আমিনুল ইসলাম
দণ্ডিত ও বিচারিক কার্যক্রম এড়িয়ে পলাতক থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার কোনো আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, সাজার বিরুদ্ধে আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি সামনে আসবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।
পাসপোর্ট আইনে যা বলা আছে
আমিনুল ইসলাম বলেন, পাসপোর্ট আইন অনুযায়ী দণ্ডিত এবং বিচারিক কার্যক্রম এড়িয়ে পলাতক থাকা কোনো ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। ফলে শেখ হাসিনার ক্ষেত্রে পাসপোর্ট ইস্যু করতে পারবে না বাংলাদেশ সরকার।
তিনি বলেন, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ৬ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে দণ্ডিত হলে এবং তাঁর সাজা কমপক্ষে দুই বছর হলে পাসপোর্ট কর্তৃপক্ষ তাঁকে পাসপোর্ট দিতে পারে না। একই আদেশের ৭ অনুচ্ছেদে নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দ বা বাতিল করার বিধান রয়েছে।
চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, মানবতাবিরোধী অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধের পর্যায়ে পড়ে। এ কারণে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়েছে। পাসপোর্ট অর্ডারের ৬ অনুচ্ছেদের এ, বি, সি ও ই উপধারা একসঙ্গে বিবেচনা করলে দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার পাসপোর্ট কর্তৃপক্ষের নেই।
পলাতক থাকায় আপিলের সুযোগ নেই বলে দাবি
সংবিধানের ৩৬ অনুচ্ছেদে নাগরিকের বাংলাদেশে প্রবেশ ও দেশত্যাগের অধিকারের কথা বলা হয়েছে উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, এই অধিকার কোনো দণ্ডিত বা পলাতক ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়।
তিনি বলেন, শেখ হাসিনা নিজের বিরুদ্ধে চলা বিচারিক কার্যক্রম এড়িয়ে গেছেন। তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং এ-সংক্রান্ত অন্যান্য কার্যক্রমও নেওয়া হয়েছে। পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। রায় প্রকাশের পরও তিনি আপিল করেননি। ফলে ভবিষ্যতে তাঁর আর আপিল করার আইনগত সুযোগ নেই বলে দাবি করেন চিফ প্রসিকিউটর।
তিনি আরও বলেন, পাসপোর্ট অর্ডারের ৬ অনুচ্ছেদের ই উপধারা অনুযায়ী, কোনো ব্যক্তি নিজের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম এড়িয়ে গেলে বা পলাতক থাকলে তাঁকে পাসপোর্ট দেওয়া যায় না। তাই শেখ হাসিনার ক্ষেত্রে পাসপোর্ট ইস্যু করার আইনগত সুযোগ নেই।
লন্ডনভিত্তিক আইনজীবী চেম্বারের আবেদন নিয়ে প্রশ্ন
শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক একটি আইনজীবী চেম্বারের ভারতীয় দূতাবাসে পাসপোর্টের আবেদন করার বিষয়ে প্রশ্ন তোলেন চিফ প্রসিকিউটর।
তিনি বলেন, পাসপোর্টের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকেই আবেদন করতে হয়। শেখ হাসিনা নিজে বা তাঁর দলের পক্ষ থেকে আবেদন করা হয়নি; আবেদন করেছে লন্ডনভিত্তিক একটি আইনজীবী চেম্বার।
ভারতে বসবাসরত একজন ব্যক্তির পক্ষে লন্ডনভিত্তিক আইনজীবী চেম্বার কীভাবে আবেদন করছে এবং তাঁদের মধ্যে কী ধরনের আইনি চুক্তি হয়েছে, তা স্পষ্ট নয় বলে মন্তব্য করেন আমিনুল ইসলাম। তাঁর মতে, ক্লায়েন্টের সঙ্গে চুক্তি না থাকলে ওই চেম্বার কীভাবে তাঁর পক্ষে পাসপোর্টের আবেদন করতে পারে, সেই বিষয়টিও পরিষ্কার করা প্রয়োজন।
পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হলে বিচারের সঙ্গে মশকরা হবে
আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩ স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম সরকার প্রণয়ন করেছিল। এই আইনের বিধান অনুযায়ী শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, একজন দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস ইস্যু করা হলে তা বিচারের সঙ্গে রাষ্ট্রের মশকরা করার শামিল হবে।

