দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনে আইনজীবীর চিঠি, ডিসেম্বরে ফেরার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন তিনি
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার আইনজীবীর মাধ্যমে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনে চিঠি পাঠিয়ে এ আবেদন করেন হাসিনা। চিঠিটি দেখার সুযোগ পেয়েছে রয়টার্স।
২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর বাংলাদেশ সরকারের কাছে এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগের খবর এবারই প্রথম সামনে এল। রয়টার্সের ভাষায়, প্রাণঘাতী গণঅভ্যুত্থানে দীর্ঘদিনের ক্ষমতার অবসানের পর দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটি হাসিনার এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ।
ডিসেম্বরে ফেরার পরিকল্পনা
এর আগে ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন শেখ হাসিনা। রয়টার্সকে তিনি বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে দেশে ফিরতে চান।
বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড বর্তমানে নিষিদ্ধ। দলটির জ্যেষ্ঠ নেতাদের বড় একটি অংশ শেখ হাসিনার মতোই ভারতে অবস্থান করছেন অথবা অন্য দেশে আত্মগোপনে রয়েছেন। তাঁদের অনেকে কারাগারেও আছেন।
রয়টার্স জানিয়েছে, আওয়ামী লীগ নেতারা তাদের বলেছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর শেখ হাসিনার দেশে ফেরার তারিখ নির্ধারণ করা হবে।
নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে চিঠি
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে শেখ হাসিনার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
লন্ডনভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা চিঠিতে লিখেছেন, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন।
চিঠিতে বলা হয়, তাঁদের মক্কেলের বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।
শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদ থেকে উদ্ভূত বাধ্যবাধকতা অনুসারে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানিয়েছেন তাঁর আইনজীবীরা।
মৃত্যুদণ্ডের রায় ও অভিযোগ অস্বীকার
গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেয়। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁকে এ দণ্ড দেওয়া হয়। তবে ভারত থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।
দিল্লি-ঢাকা সম্পর্কে প্রভাবের শঙ্কা
এ বিষয়ে মন্তব্য জানতে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কোনো জবাব পায়নি সংবাদমাধ্যমটি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতার পর বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে বর্তমান সরকার। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করতে পারে।
অন্যদিকে, তাঁর দেশে ফেরা ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপড়েন কমাতেও ভূমিকা রাখতে পারে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে উল্লেখযোগ্য অবনতি ঘটে।

