অনুসরণ করুন:
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

গণহত্যার পর অনুশোচনা নেই, রাজনীতির সুযোগও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

যারা হত্যাকাণ্ড ও নির্যাতনের পরও দুঃখ প্রকাশ বা অনুশোচনা করেনি, জনগণ তাদের রাজনৈতিকভাবে গ্রহণ করবে না বলে মন্তব্য সালাহউদ্দিন আহমদের

গণহত্যায় জড়িত ব্যক্তিদের বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যারা গণহত্যা চালানোর পরও দুঃখ প্রকাশ করেনি, অনুশোচনা করেনি কিংবা নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত নয়, তাদের এ দেশে রাজনীতি করার সুযোগ দেবে না জনগণ।

শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। দুই দিনব্যাপী এ সম্মেলনের সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি মাদ্রাসায় জুমার নামাজেও অংশ নেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশের মানুষ কোনোদিন গণহত্যাকারীদের এ দেশে রাজনীতি করতে দেবে না। যারা গণহত্যা চালিয়ে এখনো পর্যন্ত দুঃখ প্রকাশ করেনি, অনুশোচনা করেনি, অনুতপ্ত নয়, তারা কখনো এ দেশে এসে আর রাজনীতি করতে পারবে না।’

আলেম-ওলামা ও মসজিদে হামলার প্রসঙ্গ

গত ১৭ বছরে আলেম-ওলামাদের ওপর নির্যাতন, মসজিদে হামলা ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা আলেম-ওলামাদের রক্ত ঝরিয়েছে, মসজিদকে রক্তাক্ত করেছে এবং মানুষকে মসজিদে বসে নামাজ আদায় করতে দেয়নি, সেই শক্তিকে দেশের মানুষ আর রাজনীতি করতে দেবে না।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য ও আদর্শগত বিভেদ থাকতে পারে। তবে আন্দোলনের নামে বিভ্রান্তি সৃষ্টি না করে সরকারের গঠনমূলক সমালোচনা করা উচিত। সরকারকে অসহযোগিতা করা যেতে পারে, কিন্তু দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কোনো কর্মসূচি নেওয়া উচিত নয়।

অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্য

সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সর্বত্র বিদ্যুতায়নের মাধ্যমে সরকার একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়। এ লক্ষ্য অর্জনে দেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখতে হবে।

একই সঙ্গে আলেম-ওলামা ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নেও কাজ করার কথা জানান তিনি। দেশের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের কথা

সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর দৃঢ় আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানে বিষয়টি আবারও অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি সংবিধানের শুরুতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ রাখার কথাও বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ যুক্ত করেছিলেন। তারা সেই রাজনৈতিক ধারার অনুসারী।

বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য উপস্থিত সবার কাছে দোয়া চান সালাহউদ্দিন আহমদ। দেশের কল্যাণ এবং মানুষের জীবনমান উন্নয়নে সরকারের প্রচেষ্টায় সবার সহযোগিতাও কামনা করেন তিনি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন