দুই বছরের মধ্যে টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার
কক্সবাজারের মহেশখালীতে আরও তিনটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করছে সরকার। আগামী দুই বছরের মধ্যে এসব টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
রোববার মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের অধীন মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং ধলঘাটা, মাতারবাড়ী ও রাজঘাট এলাকা পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মহেশখালী ও মাতারবাড়ীতে হবে টার্মিনাল
মুখ্য সচিব বলেন, দেশের জ্বালানি সংকট নিরসনের লক্ষ্যে মহেশখালীর সমুদ্র উপকূলে একটি এবং মাতারবাড়ীতে স্থলভিত্তিক আরও দুটি এলএনজি টার্মিনাল স্থাপন করবে সরকার। আগামী দুই বছরের মধ্যে এসব টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান হবে।
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ
মাতারবাড়ীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন করা হবে বলে জানান এ বি এম আব্দুস সাত্তার। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের মধ্যে উপযুক্ত ব্যক্তিদের চাকরিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে মাতারবাড়ীতে আরও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। গভীর সমুদ্রবন্দরের কাজ শেষ হলে দেশের আমূল পরিবর্তন আসবে।
দ্রুত প্রকল্প বাস্তবায়নের আশ্বাস
মুখ্য সচিব বলেন, বিগত সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে এসব প্রকল্প আলোর মুখ দেখেনি। তবে বর্তমান সরকার দ্রুত সময়ের মধ্যে প্রকল্পগুলোর কাজ শেষ করতে চায় এবং সে লক্ষ্যেই কাজ চলছে।
এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদসহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

