রবিবার, ৮ নভেম্বর ২০২৬

বুড়িগঙ্গার তীরে ৩০০ টন বর্জ্য অপসারণ, বাকি বর্জ্য সরাতে হাইকোর্টের নির্দেশ

লালবাগ ও ইসলামবাগ এলাকায় বর্জ্য অপসারণের প্রতিবেদন হাইকোর্টে, নদীতীরে থাকা প্লাস্টিক বর্জ্য সরিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ

বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচরের ইসলামবাগ এলাকা থেকে প্রায় ৩০০ টন বর্জ্য অপসারণ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে নদীর তীরে থাকা অবশিষ্ট প্লাস্টিক বর্জ্য অপসারণ করে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে সংস্থাটিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৮ নভেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বর্জ্য অপসারণের প্রতিবেদন দাখিল

বুড়িগঙ্গার পানি দূষণ বন্ধে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি রিট পিটিশন দায়ের করে। এর পরিপ্রেক্ষিতে ২০১০ সালে হাইকোর্ট রায় দিয়ে এ বিষয়ে কিছু নির্দেশনা দেন।

পরবর্তী সময়ে বাদীপক্ষের এক সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে ওই নির্দেশনা বাস্তবায়নে চলতি বছরের ২ সেপ্টেম্বর আরেকটি আদেশ দেন হাইকোর্ট। এতে বুড়িগঙ্গার পানি দূষণ বন্ধে লালবাগ ও কামরাঙ্গীরচরের ইসলামবাগ এলাকায় নদীর তীরে থাকা প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণের নির্দেশ দেওয়া হয়।

আবেদনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, রোববার আদালতের নির্দেশনা অনুসারে বিআইডব্লিউটিএর পক্ষ থেকে প্রতিবেদন দাখিল করা হয়। এতে প্রায় ৩০০ টন বর্জ্য অপসারণের বিষয়টি আদালতকে জানানো হয়েছে। তবে সব বর্জ্য অপসারণ করা হয়েছে, প্রতিবেদনে এমন কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

অবশিষ্ট বর্জ্য অপসারণের নির্দেশ

মনজিল মোরসেদ আরও বলেন, আদালতের নির্দেশনা ছিল, সব বর্জ্য সম্পূর্ণ অপসারণ করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে কেউ সেখানে প্লাস্টিক বর্জ্য ফেলতে না পারে, সে বিষয়ে পদক্ষেপ নিয়ে আদালতকে অবহিত করতে হবে।

হাইকোর্ট নদীর তীরে থাকা অবশিষ্ট প্লাস্টিক বর্জ্য অপসারণ করে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন