১০০ ফিট সড়কে পার্ক করে রাখা বাসে আগুন দেওয়ার অভিযোগ; আগুনে পুড়ে গেছে জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাস
রাজধানীর ভাটারায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় ১০০ ফিট সড়কে এ ঘটনা ঘটে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটিতে আগুন লাগার খবর পায় ভাটারা থানা পুলিশ। সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ভাটারা থানার এসআই দেবাশিস রায় বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে তখনো বিস্তারিত জানা যায়নি।
একটি ভিডিওতে দেখা যায়, হলুদ রঙের স্কুলবাসটি দাউ দাউ করে জ্বলছে।
গান পাউডার দিয়ে আগুন দেওয়ার অভিযোগ
জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের পরিবহন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, ‘১০০ ফিট সড়কে স্কুলের চারটি বাস পার্কিং করা ছিল। দুর্বৃত্তরা একটি বাসে গান পাউডার দিয়ে আগুন দেয়। আগুনে বাসটি পুড়ে গেছে।’
দুই দিনে তিন বাসে আগুন
রাজধানীতে দুই দিনে এ নিয়ে তিনটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেল। এর আগে শনিবার রাত ১০টার দিকে মিরপুরে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এর প্রায় তিন ঘণ্টা পর মহাখালী বাস টার্মিনালে সোহাগ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক ব্রিফিংয়ে বলা হয়, জনমনে আতঙ্ক ছড়াতে বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া হচ্ছে।

