ব্রিজের নিচে চায়ের দোকানে বসে থাকার সময় ট্রাকটি কয়েকটি টং দোকানও গুঁড়িয়ে দেয়; আহত হয়েছেন এক সিএনজিচালক।
রাজধানীর পোস্তগোলায় ট্রাকের চাপায় দুই অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। বুধবার দিবাগত রাত ৩টার দিকে পোস্তগোলা ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কদমতলী থানা পুলিশ তদন্ত করছে।
নিহত ও আহতদের পরিচয়
নিহতরা হলেন—হবিগঞ্জের আজমেরি থানার রসূলপুর এলাকার অটোরিকশাচালক জাকির হোসেন (৫৫) এবং পটুয়াখালী সদর উপজেলার জাহাঙ্গীর পোদ্দার (৫০)। আহত সিএনজিচালিত অটোরিকশাচালক সুভাষ চন্দ্রের (৩৬) বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়।
চায়ের দোকানে বসে ছিলেন চালকরা
নিহত জাকির হোসেনের ছেলে মো. মাহিন হোসেন জানান, তাঁদের বাসা রায়েরবাগ বাজার এলাকায়। তাঁর বাবা অটোরিকশা চালাতেন। দুর্ঘটনার সময় রাত ৩টার দিকে পোস্তগোলা ব্রিজের নিচে একটি টং দোকানে বসে চা পান করছিলেন তিনি। পাশে আরও অনেক লোকজন ছিলেন। এ সময় একটি বড় ট্রাক এসে তাঁদের ওপর উঠে যায়। ট্রাকটি চার থেকে পাঁচটি টং দোকানও গুঁড়িয়ে দেয়।
হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু
মাহিন হোসেন আরও জানান, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন বলে তাঁরা জানতে পেরেছেন।

