বুধবার, ৪ নভেম্বর ২০২৬

সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আগারগাঁওয়ে সড়ক অবরোধের পর গণপূর্ত অধিদপ্তরের সামনে শেকৃবি শিক্ষার্থীরা

আগারগাঁওয়ে মিরপুর সড়ক আধাঘণ্টা অবরোধের পর গণপূর্ত অধিদপ্তরের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে সড়ক অবরোধের পর সরে গিয়ে গণপূর্ত অধিদপ্তরের সামনে অবস্থান নিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বুধবার দুপুরে তাঁরা এ কর্মসূচি পালন করেন।

মিরপুর সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

বেলা সোয়া ১২টার দিকে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে মিরপুর সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন তাঁরা। শিক্ষার্থীদের হাতে দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ডও দেখা যায়।

প্রায় আধাঘণ্টা পর, বেলা পৌনে ১টার দিকে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান। পরে দুপুর ১টার দিকে তাঁরা গণপূর্ত অধিদপ্তরের সামনে অবস্থান নেন।

সড়কে যান চলাচল স্বাভাবিক

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা সাময়িক সময়ের জন্য সড়ক অবরোধ করেছিলেন। তাঁরা সরে যাওয়ায় এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ফজলুল হক বলেন, শিক্ষার্থীরা ১৫ থেকে ২০ মিনিটের জন্য সড়ক অবরোধ করেছিলেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তাঁরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

২০২৯ সালে নতুন স্থানে সচিবালয়ের কার্যক্রম শুরুর পরিকল্পনা

বর্তমান সচিবালয় রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেখানে ২০২৯ সালে সচিবালয়ের কার্যক্রম শুরু করতে শিগগির কাজ শুরুর সিদ্ধান্ত হয়েছে।

সরকারের এ সিদ্ধান্ত বাতিলের দাবিতেই আন্দোলনে নেমেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন