বুধবার, ৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন অধ্যায়, বিভিন্ন পদে ইতিহাস গড়ছেন প্রার্থীরা

গভর্নর থেকে কংগ্রেস—বিভিন্ন পদে নতুন মুখের জয়, ভাঙছে প্রতিনিধিত্বের পুরোনো সীমা

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন পদে জয়ী হয়ে ইতিহাস গড়তে চলেছেন একঝাঁক প্রার্থী। কৃষ্ণাঙ্গ নারী গভর্নর, প্রথম ঘোষিত সমকামী পুরুষ সিনেটর, মুসলিম কংগ্রেস সদস্য এবং বিভিন্ন অঙ্গরাজ্যের প্রথম নারী ও ল্যাটিনো গভর্নর—এমন নানা পরিচয়ে আলোচনায় এসেছেন তাঁরা। সিএনএনের ‘ডিসিশন ডেস্ক’-এর নির্বাচনী প্রক্ষেপণে এসব ঐতিহাসিক জয়ের আভাস উঠে এসেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শেষ দুই বছরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন আইনপ্রণেতা ও গভর্নরদের আগমন ঘটছে। ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের প্রার্থীদের জয় দেশটির রাজনৈতিক প্রতিনিধিত্বে বৈচিত্র্যের নতুন চিত্র তুলে ধরছে।

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর

জর্জিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ ও প্রথম নারী গভর্নর হতে চলেছেন ডেমোক্র্যাট কেইশা ল্যান্স বটমস। তিনি দায়িত্ব নিলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো অঙ্গরাজ্যের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হবেন।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত আটলান্টার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন বটমস। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের সম্ভাব্য ভাইস প্রেসিডেন্ট প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকায়ও ছিলেন তিনি। পরে বাইডেন প্রশাসনে কাজ করেন।

স্বাস্থ্যসেবা কর্মসূচি মেডিকেইডের আওতা বাড়ানো, বাড়িওয়ালাদের কর রেয়াত এবং শিক্ষায় বরাদ্দ বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে তিনি ট্রাম্প-সমর্থিত রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে পরাজিত করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রথম ঘোষিত সমকামী পুরুষ সিনেটর

নিউ হ্যাম্পশায়ারের সিনেট নির্বাচনে জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ঘোষিত সমকামী পুরুষ সিনেটর হতে যাচ্ছেন ক্রিস পাপাস।

রাজ্যটির দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে টানা চার মেয়াদে প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তাঁর জয়ের ফলে গুরুত্বপূর্ণ একটি আসন ধরে রাখতে সক্ষম হয়েছে ডেমোক্র্যাটরা। আসনটি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করেও সফল হয়নি রিপাবলিকানরা।

ফ্লোরিডার প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর

রিপাবলিকান প্রার্থী বায়রন ডোনাল্ডস জয়ী হওয়ায় ফ্লোরিডার প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হতে চলেছেন তিনি।

কট্টর রক্ষণশীল হিসেবে পরিচিত এই অঙ্গরাজ্যে কর সংস্কার, ডেটা সেন্টারের বিস্তার নিয়ন্ত্রণ এবং ট্রাম্পের কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালান ডোনাল্ডস। নির্বাচনী লড়াইয়ের শুরুতেই ট্রাম্পের জোরালো সমর্থন পেয়েছিলেন তিনি।

ডোনাল্ডস দায়িত্ব নিলে একই সময়ে যুক্তরাষ্ট্রে তিনজন দায়িত্বপ্রাপ্ত কৃষ্ণাঙ্গ গভর্নর থাকবেন। অন্য দুজন হলেন পুনর্নির্বাচিত মেরিল্যান্ডের ডেমোক্র্যাট গভর্নর ওয়েস মুর এবং জর্জিয়ার নবনির্বাচিত ডেমোক্র্যাট গভর্নর কেইশা ল্যান্স বটমস।

সাউথ ক্যারোলাইনায় প্রথম নির্বাচিত নারী সিনেটর

সাউথ ক্যারোলাইনা থেকে প্রথম নির্বাচিত নারী সিনেটর হতে চলেছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যানি অ্যান্ড্রুজ। প্রায় তিন দশক ধরে রিপাবলিকানদের দখলে থাকা আসনটিতে ট্রাম্পের সমর্থনে নিয়োগ পাওয়া সিনেটর ডারলিন গ্রাহামকে পরাজিত করেছেন তিনি।

সাবেক সিনেটর লিন্ডসে গ্রাহামের আকস্মিক মৃত্যুর পর তাঁর বোন ডারলিনকে শূন্য আসনে নিয়োগ দেওয়া হয়েছিল। রাজনীতিতে অনভিজ্ঞ ডারলিনকে এভাবে সিনেটে বসানো নিয়ে রিপাবলিকানদের মধ্যেও বিতর্ক তৈরি হয়।

সিনেটে ফিলিবাস্টার কৌশল বাতিল এবং অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থান নেওয়ার মতো বিষয়ে ট্রাম্পের পক্ষে অবস্থান নেন ডারলিন। অন্যদিকে, অ্যান্ড্রুজ দুর্নীতিবিরোধী অবস্থান, জীবনযাত্রার মান উন্নয়ন ও ব্যয়সংকোচনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন আদায় করেন।

টেক্সাসের প্রথম হিস্পানিক গভর্নর

ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোহোসা জয়ী হয়ে টেক্সাসের প্রথম হিস্পানিক গভর্নর হতে চলেছেন। তিনি দীর্ঘদিনের প্রভাবশালী রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটকে পরাজিত করেছেন।

আইনজীবী ও অঙ্গরাজ্যের আইনপ্রণেতা ৫২ বছর বয়সী হিনোহোসা ১৯৯০ সালে অ্যান রিচার্ডসের পর টেক্সাসের প্রথম ডেমোক্র্যাট গভর্নর হতে যাচ্ছেন। একই সঙ্গে তিনি রাজ্যটির ইতিহাসে তৃতীয় নারী গভর্নর হবেন।

নির্বাচনী প্রচারে গর্ভপাতসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ইস্যুতে হিনোহোসা ও অ্যাবটের মধ্যে তীব্র বিরোধ দেখা দেয়।

কলোরাডো থেকে প্রথম কৃষ্ণাঙ্গ নারী কংগ্রেস সদস্য

কলোরাডোর প্রথম নির্বাচিত কৃষ্ণাঙ্গ নারী কংগ্রেস সদস্য হতে চলেছেন ২৯ বছর বয়সী মেল্যাত কিরোস। রাজ্যটির প্রথম নির্বাচনী জেলা থেকে জয়ী হয়েছেন তিনি।

ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট ও আইনজীবী কিরোস প্রতিনিধি পরিষদে যোগ দিয়ে একই সঙ্গে তরুণ ‘জেনারেশন-জেড’ প্রজন্মের প্রতিনিধিত্ব করবেন।

নিউ জার্সি থেকে প্রথম মুসলিম কংগ্রেস সদস্য

নিউ জার্সির ১২তম নির্বাচনী জেলা থেকে জয়ী হয়ে রাজ্যটির প্রথম মুসলিম কংগ্রেস সদস্য হতে চলেছেন অ্যাডাম হামাভি। সাবেক এই মার্কিন সেনা সার্জন আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের যুদ্ধনীতির কড়া সমালোচক হিসেবে পরিচিত।

ডেমোক্র্যাটদের প্রগতিশীল অংশের নেতা হামাভি সবার জন্য সর্বজনীন স্বাস্থ্যসেবা চালু এবং শিক্ষার্থী ও চিকিৎসাজনিত ঋণ পুরোপুরি মওকুফের পক্ষে প্রচার চালিয়েছেন।

নিউইয়র্ক থেকে প্রথম আদিবাসী নারী কংগ্রেস সদস্য

নিউইয়র্কের সপ্তম নির্বাচনী জেলা থেকে জয়ী হয়ে রাজ্যটির প্রথম নারী আদিবাসী আমেরিকান আইনপ্রণেতা হিসেবে কংগ্রেসে যাচ্ছেন ক্লেয়ার ভালদেস।

অঙ্গরাজ্যের অ্যাসেম্বলিতে এক মেয়াদ দায়িত্ব পালন করা ভালদেসের জয় ডেমোক্র্যাটদের প্রগতিশীল অংশের শক্তি বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি শুরু থেকেই তাঁর পক্ষে প্রচার চালিয়েছেন।

মিশিগান থেকে প্রথম ঘোষিত সমকামী কংগ্রেস সদস্য

মিশিগানের ১১তম নির্বাচনী জেলা থেকে জয়ী হয়ে রাজ্যটির প্রথম ঘোষিত সমকামী কংগ্রেস সদস্য হতে যাচ্ছেন সাবেক রাজ্য সিনেটর জেরেমি মস।

ইউএস সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রাইমারিতে হেরে পদত্যাগ করা হ্যালি স্টিভেনসের ছেড়ে দেওয়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পান মস।

ওহাইওতে প্রথম নির্বাচিত নারী গভর্নর

ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাক্টন জয়ী হয়ে ওহাইওর প্রথম নির্বাচিত নারী গভর্নর হতে চলেছেন। ২০০৬ সালের পর রাজ্যটিতে জয়ী প্রথম ডেমোক্র্যাট গভর্নরও হবেন তিনি।

নির্বাচনী প্রচারে বিতর্কিত আক্রমণাত্মক বিজ্ঞাপনকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনার জন্ম দেয় এই প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত রিপাবলিকান দলের আলোচিত তরুণ নেতা বিবেক রামাস্বামীকে পরাজিত করেন পেশায় চিকিৎসক অ্যাক্টন।

সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানো, মধ্যবিত্ত ও বয়স্ক নাগরিকদের সম্পত্তিকর কমানো এবং পরিষেবা বিল পরিশোধের নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত বড় ডেটা সেন্টার নির্মাণে স্থগিতাদেশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

ক্যালিফোর্নিয়ায় প্রথম নির্বাচিত ল্যাটিনো গভর্নর

ডেমোক্র্যাট প্রার্থী জেভিয়ার বেসেরা জয়ী হয়ে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে প্রথম নির্বাচিত ল্যাটিনো গভর্নর হতে চলেছেন। তাঁর জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্যটিতে ডেমোক্র্যাটরা নিজেদের কর্তৃত্ব ধরে রেখেছে।

বাইডেন প্রশাসনের সাবেক স্বাস্থ্যমন্ত্রী, সাবেক কংগ্রেস সদস্য ও ক্যালিফোর্নিয়ার সাবেক অ্যাটর্নি জেনারেল বেসেরা তীব্র প্রাইমারি লড়াই পেরিয়ে গভর্নর গ্যাভিন নিউসমের উত্তরসূরি হচ্ছেন।

নির্বাচনী প্রচারে তিনি রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী স্টিভ হিল্টনকে ট্রাম্পের রাজনীতির সঙ্গে যুক্ত করে সমালোচনা করেন। ট্রাম্পের প্রতি সমর্থনের প্রসঙ্গ তুলে ভোটারদের ওয়াশিংটন প্রশাসনের বিরুদ্ধে ব্যালটের মাধ্যমে অবস্থান জানানোর আহ্বানও জানান তিনি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন