মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আটক ৪

প্রায় এক ঘণ্টার সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক; বন্ধ রয়েছে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন।

রাজধানীর মিরপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে মিরপুর-১১ নম্বরে এ সংঘর্ষ শুরু হয়। এতে ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে পল্লবী থেকে মিরপুর-১০ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। সংঘর্ষের সময় অন্তত চারজনকে আটক করেছে পুলিশ।

মজুরির দাবিতে সড়কে শ্রমিকেরা, পুলিশের সঙ্গে সংঘর্ষ

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে মিরপুর-১১ নম্বরে সড়কে অবস্থান নেন পোশাকশ্রমিকেরা। পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পর আন্দোলনকারীরা আশপাশের বিভিন্ন অলিগলিতে চলে যান।

সংঘর্ষের সময় অন্তত চারজনকে আটক করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের

ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (পিওএম-দক্ষিণ) মোহাম্মদ তৌহিদুল আরিফ বলেন, পোশাকশ্রমিকদের আন্দোলনে দুষ্কৃতকারীরা অনুপ্রবেশ করেছে।

তিনি বলেন, শ্রমিকনেতারা আগের দিন জানিয়েছেন, শ্রমিকেরা আন্দোলন থেকে সরে আসবেন। এরপরও যারা বিক্ষোভ চালিয়ে যাবেন, তাঁরা শ্রমিক নন, বরং দুষ্কৃতকারী বলে মন্তব্য করেন তিনি। আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সংঘর্ষের কারণে বন্ধ মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন

পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে সকাল ১০টা ২২ মিনিট থেকে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন বন্ধ রয়েছে।

বেলা ১২টা ২২ মিনিটে এ বিষয়ে জানতে চাইলে এমআরটি পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মহসিন শেখ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, তখনো স্টেশনটি চালু হয়নি। আরও পাঁচ মিনিট পর চালু হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে স্টেশন পুনরায় চালুর বিষয়টি নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

মিরপুরে অতিরিক্ত পুলিশ, প্রস্তুত জলকামান ও সাঁজোয়া যান

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে মঙ্গলবারও মিরপুরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মিরপুর-১০ নম্বরে একটি জলকামান ও দুটি সাঁজোয়া যান প্রস্তুত রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যদেরও ঘটনাস্থলে দেখা গেছে।

এদিকে, কিছুক্ষণ পরপর আন্দোলনকারীদের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীদের মিছিল করতে দেখা গেছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন